বাঞ্ছারামপুরে ১১০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা, ২৬০ নারী শিক্ষার্থী পেল বাইসাইকেল
বাঞ্ছারামপুরে ১১০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা, ২৬০ নারী শিক্ষার্থী পেল বাইসাইকেল
আলী আহাম্মেদ
বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কৃতি ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা এবং শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে বুধবার (২৩ সেপ্টেম্বর) বাঞ্ছারামপুরের মায়ালগঞ্জ অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ১১০ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। পাশাপাশি ২৬০ জন নারী শিক্ষার্থীর মধ্যে বাইসাইকেল, উপজেলার সব মাধ্যমিক বিদ্যালয়ে খেলার সামগ্রী এবং ১৩৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পানির ফিল্টার ও ফুটবল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, কোনো শিক্ষক যেন শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনীতিতে জড়িত না হন। শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। তিনি শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখার আহ্বান জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল এমরান খান-এর সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাঞ্ছারামপুর সরকারি এস এম পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আতিকুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ,

বিএনপির সাধারণ সম্পাদক এ কে এম মুসা, বাঞ্ছারামপুর সরকারি কলেজের অধ্যক্ষ আবদুর রহিম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রবিউল হাসান ভূইয়া, বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইয়াসিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী, উপজেলা শিক্ষা কর্মকর্তা আঃ আজিজ, উপজেলা গণসংহতির প্রধান সমন্বয়ক শামীম শিবলী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ছালে মুসা, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক তাইবুর রহমান মাসুম, বিএনপির আইন বিষয়ক সম্পাদক এডভোকেট আবদুল্লাহ আল মহসিন, ভিপি মজিবুর রহমান মজিব, উপজেলা জাসাসের আহ্বায়ক এম এ সালাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুব হাসানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও কর্মকর্তারা।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বাঞ্ছারামপুর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কৃতি ও মেধাবী শিক্ষার্থীদের সাফল্যের স্বীকৃতি দিতে এ সংবর্ধনার আয়োজন করা হয়। একই সঙ্গে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে উৎসাহিত করতে বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
আয়োজকদের মতে, শিক্ষার্থীদের মেধা ও সাফল্যের স্বীকৃতি দেওয়ার পাশাপাশি ভবিষ্যৎ শিক্ষাজীবনে তাদের আরও উৎসাহিত করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান অন্য শিক্ষার্থীদেরও ভালো ফলাফল অর্জন এবং পড়াশোনার প্রতি আরও মনোযোগী হতে অনুপ্রাণিত করবে।
সংশ্লিষ্টরা মনে করছেন, শিক্ষার্থীদের জন্য উপজেলা প্রশাসনের এমন উদ্যোগ শিক্ষা কার্যক্রমে উৎসাহ বাড়ানোর পাশাপাশি শিক্ষার পরিবেশ উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।

এটিএমটিভি ২৪ 





আপনার মতামত লিখুন