বাঞ্ছারামপুর ফেরিঘাট-নবীনগর সড়ক নির্মাণকাজের উদ্বোধন করেন-সাকি
বাঞ্ছারামপুর ফেরিঘাট-নবীনগর সড়ক নির্মাণকাজের উদ্বোধন করেন-সাকি
আলী আহাম্মেদ
বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
ভুলতা-আড়াইহাজার-বাঞ্ছারামপুর-নবীনগর-শিবপুর-রাধিকা আঞ্চলিক মহাসড়কের কড়ইকান্দি ফেরিঘাট থেকে কোনাঘাট পর্যন্ত অংশের নির্মাণকাজের শুভ উদ্বোধন করা হয়েছে। এ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৫৩২ কোটি ২২ লাখ টাকা।
শনিবার (১৯ সেপ্টেম্বর) বাঞ্ছারামপুরে নির্মাণকাজের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনের সংসদ সদস্য ও পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি বলেন, “উন্নয়নকাজ বাস্তবায়নে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।” তিনি বলেন, এ সড়ক নির্মাণ হলে বিশেষ করে বাঞ্ছারামপুর ও নবীনগরে বিনিয়োগের সম্ভাবনা বাড়বে। ব্রাহ্মণবাড়িয়ার কয়েকটি উপজেলা দীর্ঘদিন অবহেলিত ছিল। এ সড়ক নির্মাণের মাধ্যমে এসব এলাকায় বিনিয়োগের নতুন ক্ষেত্র তৈরি হবে। পাশাপাশি কুমিল্লার কয়েকটি উপজেলাতেও বিনিয়োগের সুযোগ সৃষ্টি হবে।
প্রতিমন্ত্রী আরও বলেন, বিরোধী রাজনৈতিক দলগুলোর রাজনৈতিক মাঠে বিচরণ ও বক্তব্য দেওয়ার অধিকার রয়েছে। তবে মব সৃষ্টি করে রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করা হলে তা প্রতিহত করতে সবাইকে সতর্ক থাকতে হবে। তিনি উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের আওতাধীন সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ) প্রকল্পটির নির্মাণকাজ বাস্তবায়ন করছে। সংশ্লিষ্টরা জানান, সড়কটির নির্মাণকাজ শেষ হলে বাঞ্ছারামপুরসহ আশপাশের এলাকার যোগাযোগব্যবস্থা আরও সহজ ও উন্নত হবে। একই সঙ্গে স্থানীয় জনগণের যাতায়াত ও পণ্য পরিবহনে গতি বাড়বে।
এতে এ অঞ্চলের ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রেও নতুন সম্ভাবনা তৈরি হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
কুমিল্লা সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. মোফাজ্জল হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নান, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য এম এ খালেক পিএসসি, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রফিক সিকদার, অ্যাডভোকেট জিয়াউদ্দিন জিয়া, পরিকল্পনা মন্ত্রণালয়ের ভৌত ও অবকাঠামো বিভাগের সিনিয়র সচিব ড. নেয়ামত উল্লাহ ভূঁইয়া, পরিকল্পনা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এহসানুল হক, অতিরিক্ত সচিব বাবুল মিয়া, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব আনিসুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাহমুদা আক্তার, উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম এমরান খান, উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ ও সাধারণ সম্পাদক এ কে এম ভিপি মুসাসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

এটিএমটিভি ২৪ 






আপনার মতামত লিখুন