বাঞ্ছারামপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, গলায় দাগ ঘিরে স্বামীকে নিয়ে পরিবারের সন্দেহ
বাঞ্ছারামপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, গলায় দাগ ঘিরে স্বামীকে নিয়ে পরিবারের সন্দেহ
আলী আহাম্মেদ | নিজস্ব প্রতিবেদক
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে শিল্পী বেগম (৩৫) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। মৃত্যুর ঘটনায় তাঁর স্বামী শাহ নবীকে ঘিরে সন্দেহ প্রকাশ করেছে নিহতের পরিবার। ঘটনার পর তিনি চলে গেছেন বলেও পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।
শনিবার (২৯ আগস্ট) ভোররাতে উপজেলার ছয়ফুল্লাকান্দি ইউনিয়নের মধ্যনগর গ্রামের মধ্যপাড়ায় এ ঘটনা ঘটে।
নিহতের পরিবারের অভিযোগ, শিল্পী বেগমের শরীরের বিভিন্ন স্থানে এবং বিশেষ করে গলায় দাগ দেখা গেছে। এ কারণে তাঁর মৃত্যুর বিষয়টি নিয়ে পরিবারের সদস্যদের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোররাতে শিল্পী বেগমকে তাঁর স্বামী শাহ নবী বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে।
পুলিশ লাশটি ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াসিন জানান, গলায় দাগ থাকায় মৃত্যুর ঘটনায় সন্দেহ রয়েছে। তবে এটি হত্যা, আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু—তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
তিনি আরও জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশ বলছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই গৃহবধূ শিল্পী বেগমের মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া সম্ভব হবে।

এটিএমটিভি ২৪ 




আপনার মতামত লিখুন