বাঞ্ছারামপুর ফেরির যাত্রী ছাউনি দখল করে ব্যবসা, দুর্ভোগে যাত্রীরা
বাঞ্ছারামপুরে ফেরির যাত্রী ছাউনি দখল করে ব্যবসা, দুর্ভোগে যাত্রীরা
আলী আহাম্মেদ
বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর ও নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার সীমান্তবর্তী মেঘনা নদীতে অবস্থিত কড়িকান্দি-বিশনন্দী ফেরিঘাট। প্রতিদিন এই ঘাট দিয়ে বাঞ্ছারামপুরসহ আশপাশের এলাকার হাজারো মানুষ ঢাকাসহ বিভিন্ন গন্তব্যে যাতায়াত করেন। তবে যাত্রীদের বিশ্রামের জন্য নির্মিত ছাউনি দখল করে দোকান বসানোর অভিযোগে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
স্থানীয়দের অভিযোগ, একটি প্রভাবশালী মহল দীর্ঘদিন ধরে যাত্রী ছাউনির বিভিন্ন অংশ ব্যবসায়িক কাজে ব্যবহার করছে। ছাউনির ভেতরে ও আশপাশে স্থায়ী ও ভ্রাম্যমাণ দোকান গড়ে ওঠায় ফেরির অপেক্ষায় থাকা যাত্রীদের বসার জায়গা সংকুচিত হয়ে পড়েছে।
সম্প্রতি ঘাট এলাকায় গিয়ে দেখা যায়, যাত্রী ছাউনির বেশিরভাগ জায়গা দোকানের মালামাল ও ব্যবসায়িক কাজে ব্যবহৃত হচ্ছে। ফলে অনেক যাত্রী ছাউনির বাইরে দাঁড়িয়ে ফেরির জন্য অপেক্ষা করছেন। বিশেষ করে নারী, শিশু ও বয়স্ক যাত্রীদের দুর্ভোগ বেশি হচ্ছে।
তীব্র রোদে যাত্রীদের খোলা জায়গায় দাঁড়িয়ে থাকতে হচ্ছে। বৃষ্টির সময়ও একইভাবে সমস্যায় পড়তে হয় তাদের। যাত্রীদের অভিযোগ, ঘাটে পর্যাপ্ত বসার ব্যবস্থা না থাকায় দীর্ঘ সময় অপেক্ষা করা কষ্টকর হয়ে উঠেছে।
স্থানীয়দের দাবি, কড়িকান্দি-বিশনন্দী ফেরিঘাটটি বাঞ্ছারামপুর, নবীনগরসহ আশপাশের এলাকার মানুষের গুরুত্বপূর্ণ যোগাযোগের মাধ্যম। প্রতিদিন বিপুলসংখ্যক মানুষ এই ঘাট ব্যবহার করেন। তাই যাত্রীদের সুবিধার জন্য নির্মিত ছাউনিটি দ্রুত দখলমুক্ত করে যাত্রীদের ব্যবহারের উপযোগী করা প্রয়োজন।
এদিকে রাতে ঘাট এলাকায় পর্যাপ্ত আলোর ব্যবস্থা না থাকার অভিযোগও করেছেন যাত্রীরা। এতে নারী, শিশু ও বয়স্কদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। তাদের দাবি, ঘাট এলাকায় পর্যাপ্ত লাইটিংয়ের ব্যবস্থা করা হলে রাতে চলাচলে নিরাপত্তা বাড়বে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক দোকানদার জানান, ইজারাদারদের মাধ্যমে দোকান বসানোর জন্য নিয়মিত ভাড়া নেওয়া হয়। তবে যাত্রী ছাউনির ভেতরে দোকান বসানোর অনুমতি রয়েছে কি না, সে বিষয়ে তিনি বিস্তারিত জানাতে পারেননি।
বিষয়টি জানতে চাইলে বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল-এমরান খান জানান, বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় বাসিন্দা ও যাত্রীরা দ্রুত যাত্রী ছাউনিটি দখলমুক্ত করে যাত্রীদের জন্য উন্মুক্ত করা এবং ঘাট এলাকায় রাতে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করার দাবি জানিয়েছেন।

এটিএমটিভি ২৪ 




আপনার মতামত লিখুন