আখাউড়ায় আওয়ামী লীগের অঙ্গ-সংগঠনের তিন নেতা গ্রেপ্তার
আখাউড়ায় আওয়ামী লীগের অঙ্গ-সংগঠনের তিন নেতা গ্রেপ্তার
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পুলিশের পৃথক অভিযানে আওয়ামী লীগ ও এর অঙ্গ-সংগঠনের তিন নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে আখাউড়া থানা পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মোগড়া ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মো. নুরুজ্জামান (৪৫), ধরখার ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড কৃষক লীগের সভাপতি মো. আবুল কালাম (৬০) এবং মনিয়ন্দ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন (৪৮)।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, নুরুজ্জামান মোগড়া ইউনিয়নের ভবানীপুর এলাকার আক্কাস মিয়ার ছেলে। আবুল কালাম ধরখার ইউনিয়নের ঘোলখার এলাকার মৃত আলী আকবরের ছেলে। গিয়াস উদ্দিন মনিয়ন্দ ইউনিয়নের মধ্যপাড়া এলাকার মোহাম্মদ আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ২০ অক্টোবর আখাউড়া থানায় দায়ের করা একটি মামলায় ওই তিনজনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। মামলায় দণ্ডবিধির ১৪৩, ৩৪১, ৩২৩, ৩২৬, ৩০৭, ৩৮৬, ৩৭৯, ৫০৬, ১১৪ ও ৩৪ ধারাসহ বিস্ফোরক দ্রব্য আইনের ধারায় অভিযোগ আনা হয়েছে।
আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জাবেদ উল ইসলাম বলেন, গ্রেপ্তার তিনজনকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

এটিএমটিভি ২৪ 




আপনার মতামত লিখুন