সালমান শাহ হত্যা মামলা: ৩০ বছর পর গ্রেফতার অভিনেতা ডন
সালমান শাহ হত্যা মামলা: ৩০ বছর পর গ্রেফতার অভিনেতা ডন
আলী আহাম্মেদ | নিজস্ব প্রতিবেদক
৯ আগস্ট ২০২৬
বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা সালমান শাহর মৃত্যুর প্রায় ৩০ বছর পর করা হত্যা মামলায় চলচ্চিত্র অভিনেতা আশরাফুল হক ডনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। রোববার (৯ আগস্ট) রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে তাকে আটক করা হয়।
বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিমানবন্দর এলাকা থেকে ইমিগ্রেশন পুলিশ আশরাফুল হক ডনকে আটক করে। পরে সিআইডির একটি দল এসে তাকে নিয়ে যায়।
পুলিশ জানায়, সালমান শাহর মৃত্যু সংক্রান্ত একটি মামলা বর্তমানে সিআইডিতে চলমান রয়েছে। মামলাটি তদন্ত করছে সিআইডি।
১৯৯৬ সালে মৃত্যু হয় সালমান শাহর
বাংলা চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় অভিনেতা সালমান শাহ ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মারা যান। তার মৃত্যু নিয়ে দীর্ঘদিন ধরেই নানা আলোচনা ও জল্পনা রয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে ভক্ত ও পরিবারের পক্ষ থেকেও বিভিন্ন সময়ে প্রশ্ন তোলা হয়েছে।
দীর্ঘ প্রায় ২৯ বছর পর ২০২৫ সালের ২০ অক্টোবর সালমান শাহর মা নীলা চৌধুরীর পক্ষে তার ভাই আলমগীর কুমকুম বাদী হয়ে রাজধানীর রমনা থানায় একটি হত্যা মামলা করেন।
মামলায় যারা আসামি
মামলায় সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হক, সামিরার মা লতিফা হক লুসি, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, চলচ্চিত্র অভিনেতা আশরাফুল হক ডন, ডেভিড, জাভেদ, ফারুক, রুবী, আ. ছাত্তার, সাজু ও রেজভি আহমেদ ওরফে ফরহাদকে আসামি করা হয়।
মামলাটি দায়েরের পর সালমান শাহর মৃত্যুর ঘটনা নতুন করে আলোচনায় আসে। বর্তমানে মামলাটি তদন্ত করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
আশরাফুল হক ডনকে আটকের মধ্য দিয়ে দীর্ঘদিনের আলোচিত এই মামলার তদন্তে নতুন কোনো অগ্রগতি আসে কি না, তা নিয়ে আগ্রহ তৈরি হয়েছে।






আপনার মতামত লিখুন