বাঞ্ছারামপুর প্রেসক্লাবের প্রতিবাদ বিবৃতি: সাংবাদিকদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্যের নিন্দা
বাঞ্ছারামপুর প্রেসক্লাবের প্রতিবাদ বিবৃতি: সাংবাদিকদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্যের নিন্দা, বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অঙ্গীকার পুনর্ব্যক্ত
নিজস্ব প্রতিবেদক | বাঞ্ছারামপুর | ২৬ জুলাই ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর প্রেসক্লাব সাংবাদিকদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্য, বিভ্রান্তিকর প্রচারণা ও অপপ্রচারের তীব্র নিন্দা জানিয়ে অপরাধ, দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে তাদের আপসহীন অবস্থান এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।
রোববার (২৬ জুলাই) প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. শামীম শিবলী স্বাক্ষরিত এক প্রতিবাদ বিবৃতি প্রেসক্লাবের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশ করা হয়।

বিবৃতিতে বলা হয়, সম্প্রতি অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে ইতালি প্রবাসী জামাল হোসেনকে ঘিরে সাংবাদিকদের বিরুদ্ধে যে অভিযোগ ও বক্তব্য উপস্থাপন করা হয়েছে, তা বাস্তবতার সঙ্গে অসঙ্গতিপূর্ণ, ভিত্তিহীন এবং সাংবাদিকদের পেশাগত মর্যাদা ক্ষুণ্ন করার অপচেষ্টা।
বাঞ্ছারামপুর প্রেসক্লাব জানায়, ঘটনার দিন তাদের একাধিক সদস্য পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। প্রত্যক্ষ অভিজ্ঞতা, তথ্য-উপাত্ত এবং বিভিন্ন নির্ভরযোগ্য সূত্রের ভিত্তিতে সংবাদ প্রকাশ করা হয়েছে। কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে হেয় করা কিংবা বিকৃত তথ্য প্রকাশের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
প্রতিবাদ বিবৃতিতে আরও বলা হয়, ঘটনার পর ইতালি প্রবাসী জামাল হোসেন অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকায় তাঁর মা রেহেনা বেগমকে দিয়ে বাঞ্ছারামপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। বিষয়টি বর্তমানে আইনগত প্রক্রিয়াধীন। এমন পরিস্থিতিতে সংবাদ সম্মেলনের মাধ্যমে সাংবাদিকদের বিরুদ্ধে বিভ্রান্তিকর বক্তব্য প্রদান এবং জনমনে বিভ্রান্তি সৃষ্টি করা গণমাধ্যমের স্বাধীনতা ও দায়িত্বশীল সাংবাদিকতার পরিপন্থী বলে মন্তব্য করা হয়।
বিবৃতিতে বলা হয়, সাংবাদিকরা সবসময় জনস্বার্থে তথ্য সংগ্রহ ও প্রকাশের দায়িত্ব পালন করেন। কোনো ধরনের চাপ, ভয়ভীতি কিংবা অপপ্রচারের মাধ্যমে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালন থেকে বিরত রাখা যাবে না।
একই সঙ্গে প্রেসক্লাব সমাজে সংঘটিত যেকোনো অপরাধ, অনিয়ম, দুর্নীতি, চাঁদাবাজি, অপহরণ, মাদক কারবারসহ সব ধরনের অসামাজিক কর্মকাণ্ডের বিরুদ্ধে অতীতের মতো ভবিষ্যতেও সোচ্চার ও আপসহীন থাকার প্রত্যয় ব্যক্ত করে।
এছাড়া সাংবাদিকদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের নিরপেক্ষ তদন্ত, প্রকৃত ঘটনা উদঘাটন এবং আইনকে তার নিজস্ব গতিতে চলতে দেওয়ার দাবি জানানো হয়। পাশাপাশি সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল বক্তব্য প্রদান, আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকা এবং সাংবাদিকদের স্বাধীন ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে বাঞ্ছারামপুর প্রেসক্লাব।
বিবৃতির শেষাংশে প্রেসক্লাবের নেতৃবৃন্দ বলেন, জনস্বার্থে সত্য, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের ধারাবাহিকতা বজায় রাখতে তারা ভবিষ্যতেও নিষ্ঠা, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যাবেন।

এটিএমটিভি ২৪ 





আপনার মতামত লিখুন