এম কে আনোয়ার ছিলেন জাতীয় রাজনীতির তারকা পুরুষ- সেলিম ভুঁইয়া
এম কে আনোয়ার ছিলেন জাতীয় রাজনীতির তারকা পুরুষ- সেলিম ভুঁইয়া
0:00 0:00

এম কে আনোয়ার ছিলেন জাতীয় রাজনীতির তারকা পুরুষ, অসমাপ্ত উন্নয়নকাজ শেষ করব: সেলিম ভুঁইয়া

এম কে আনোয়ার ছিলেন জাতীয় রাজনীতির তারকা পুরুষ- সেলিম ভুঁইয়া

অন্যান্য
এম কে আনোয়ার ছিলেন জাতীয় রাজনীতির তারকা পুরুষ- সেলিম ভুঁইয়া
২৪ অক্টোবর ২০২৬, ১০:৩৪ পিএম

এম কে আনোয়ার ছিলেন জাতীয় রাজনীতির তারকা পুরুষ, অসমাপ্ত উন্নয়নকাজ শেষ করব: সেলিম ভুঁইয়া

জুনায়েদ আহমেদ তিতাস, হোমনা (কুমিল্লা) প্রতিনিধি

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সাবেক সদস্য, সাবেক মন্ত্রী ও মন্ত্রিপরিষদ সচিব এম কে আনোয়ারের নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কুমিল্লার হোমনায় কবর জিয়ারত, পুষ্পস্তবক অর্পণ, স্মৃতিচারণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) সকালে আয়োজিত এসব কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) অধ্যক্ষ মো. সেলিম ভুঁইয়া।

এ সময় সেলিম ভুঁইয়া বলেন, “এম কে আনোয়ার ছিলেন জাতীয় রাজনীতির একজন তারকা পুরুষ। হোমনা-তিতাসের উন্নয়নে তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে। তাঁর অসমাপ্ত উন্নয়নকাজ সম্পন্ন করতে সর্বোচ্চ প্রচেষ্টা চালাব।”

কর্মসূচির শুরুতে এম কে আনোয়ারের জ্যেষ্ঠ সন্তান মাহমুদ আনোয়ার কাইজার পরিবারের পক্ষ থেকে তাঁর বাবা-মায়ের কবর জিয়ারত করেন এবং দোয়া করেন। পরে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মরহুমের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় তাঁর রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

স্মৃতিচারণকালে সংসদ সদস্য সেলিম ভুঁইয়া বলেন, এম কে আনোয়ার শুধু হোমনা বা কুমিল্লার নেতা ছিলেন না, তিনি ছিলেন জাতীয় রাজনীতির গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। সততা, দৃঢ়তা ও আপসহীন নেতৃত্বের মাধ্যমে তিনি রাজনীতিতে স্বতন্ত্র অবস্থান তৈরি করেছিলেন। তাঁর মতো অভিজ্ঞ, সৎ ও নীতিনিষ্ঠ রাজনীতিবিদ দেশের সম্পদ।

তিনি আরও বলেন, এম কে আনোয়ার হোমনা, তিতাসসহ বৃহত্তর এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তাঁর হাত ধরে এ অঞ্চলের উন্নয়নের যে ভিত্তি তৈরি হয়েছিল, তা এগিয়ে নেওয়া বর্তমান নেতৃত্বের দায়িত্ব। এলাকার মানুষের প্রত্যাশা পূরণে তাঁর উন্নয়ন-ভাবনা ও অসমাপ্ত কাজগুলোকে গুরুত্ব দেওয়া হবে।

সেলিম ভুঁইয়া বলেন, এম কে আনোয়ারের প্রতি প্রকৃত শ্রদ্ধা জানাতে হলে তাঁর সততা, দেশপ্রেম ও জনকল্যাণমুখী রাজনীতি থেকে শিক্ষা নিতে হবে। এলাকার মানুষের জন্য তাঁর অবদান দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।

এম কে আনোয়ার বাংলাদেশের রাজনীতি ও প্রশাসনের একজন পরিচিত ব্যক্তিত্ব ছিলেন। দীর্ঘ কর্মজীবনে তিনি মন্ত্রিপরিষদ সচিবসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রশাসনিক দায়িত্ব পালন করেন। পরবর্তী সময়ে সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে মন্ত্রীর দায়িত্ব পালন করেন। বিএনপির রাজনীতিতে সক্রিয় হয়ে দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য হন। তিনি হোমনা-তিতাস আসন থেকে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

কর্মসূচিতে স্থানীয় নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা তাঁর প্রশাসনিক অভিজ্ঞতা, রাজনৈতিক প্রজ্ঞা ও জনসেবামূলক কর্মকাণ্ডের কথা স্মরণ করেন। নির্বাচনী এলাকার উন্নয়ন, যোগাযোগব্যবস্থার অগ্রগতি এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে তাঁর ভূমিকার কথাও তুলে ধরেন তাঁরা।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. মাহফুজুল ইসলাম, হোমনা উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন, সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল হক (ভিপি মুকুল), সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আজিজুর রহমান মোল্লা, উপজেলা বিএনপির সহসভাপতি মো. শাহ আলম হিমেল, সাংগঠনিক সম্পাদক মো. শাহজাহান মোল্লা ও মো. সাইফুল ইসলাম (ভিপি রাজা), দপ্তর সম্পাদক মো. সেলিম মাস্টার এবং সহ-যুববিষয়ক সম্পাদক মো. বাবু সরকার।

এ ছাড়া উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি ছানাউল্লাহ সরকার, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সহসভাপতি আলহাজ আবদুল লতিফ, উপজেলা বিএনপির সদস্য মো. আলমগীর সরকার ও ইয়া মুছা, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মো. অহিদুজ্জামান মোল্লা এবং উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক সাইজুদ্দিন (শাজু)।

মরহুমের পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, গুণগ্রাহী, শুভাকাঙ্ক্ষী এবং বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও এ কর্মসূচিতে অংশ নেন।