বিএনপি নেতার উঠান বৈঠকে ইসলামী আন্দোলনের আমির- সভাপতি
বিএনপি নেতার উঠান বৈঠকে ইসলামী আন্দোলনের আমির- সভাপতি
0:00 0:00

বিএনপি নেতার উঠান বৈঠকে ইসলামী আন্দোলনের আমির- সভাপতি

অন্যান্য
বিএনপি নেতার উঠান বৈঠকে ইসলামী আন্দোলনের আমির- সভাপতি
২৩ অক্টোবর ২০২৬, ৯:৫৪ পিএম

বিএনপি নেতার উঠান বৈঠকে ইসলামী আন্দোলনের আমির- সভাপতি

আলী আহাম্মেদ বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ফরদাবাদ ইউনিয়নে বিএনপির সমর্থনপ্রত্যাশী চেয়ারম্যান প্রার্থী আল আমিনের নির্বাচনী উঠান বৈঠকে ইসলামী আন্দোলন বাংলাদেশের এক নেতার সভাপতিত্ব এবং আওয়ামী লীগের কয়েকজন নেতার উপস্থিতি নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছে। একই অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ উল্লেখযোগ্যসংখ্যক স্থানীয় বিএনপি নেতার অনুপস্থিতিও আলোচনায় এসেছে।

মুফতি মোহাম্মদ মাসুম বিল্লাহ

বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত ৮টার দিকে ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের চরলহনিয়া গ্রামে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। আল আমিন বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির ত্রাণ ও পুনর্বাসনবিষয়ক সম্পাদক হিসেবে পরিচিত। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি চেয়ারম্যান পদে দলীয় সমর্থন প্রত্যাশা করছেন।

উঠান বৈঠকে ইসলামী আন্দোলনের নেতা সভাপতি

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ মহানগর ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি মাসুম বিল্লাহ। তিনি নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে দুইবার এবং নারায়ণগঞ্জ-৫ আসনে সংসদ সদস্য পদে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী ছিলেন বলে জানা গেছে।

উঠান বৈঠকে হ্যান্ডমাইক হাতে আল আমিনের পক্ষে বক্তব্য দেন মুফতি মাসুম বিল্লাহ। এ সময় তিনি ভোটারদের কাছে আল আমিনের জন্য ভোট চান।

বিএনপির দলীয় সমর্থনপ্রত্যাশী একজন প্রার্থীর নির্বাচনী কর্মসূচিতে অন্য একটি রাজনৈতিক দলের নেতাকে সভাপতির দায়িত্ব দেওয়ার বিষয়টি নিয়ে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে। তাঁদের কেউ কেউ জানতে চাইছেন, ইউনিয়ন বিএনপির জ্যেষ্ঠ নেতারা থাকতে অন্য দলের একজন নেতাকে কেন সভাপতির দায়িত্ব দেওয়া হলো।

বিএনপি নেতাদের অনুপস্থিতি, সামনের সারিতে আওয়ামী লীগ নেতারা

স্থানীয় সূত্রের দাবি, উঠান বৈঠকে ফরদাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ উল্লেখযোগ্যসংখ্যক স্থানীয় বিএনপি নেতাকে দেখা যায়নি।

এ বিষয়ে জানতে বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি। ফলে এ বিষয়ে তাঁর বক্তব্য জানা সম্ভব হয়নি।

এ বিষয়ে জানতে চাইলে ফরদাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি স্বপন শিকদার বলেন, আল আমিনের নির্বাচনী উঠান বৈঠক সম্পর্কে আমি জানি না।

অন্যদিকে, অনুষ্ঠানের সামনের সারিতে ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন এবং ওই ওয়ার্ডের তিনবারের আওয়ামী লীগ মনোনীত সদস্য সিদ্দিক মেম্বারের উপস্থিতি নিয়েও স্থানীয়ভাবে আলোচনা চলছে।

গিয়াস উদ্দিন সভাপতি ১ নং ওয়ার্ড আওয়ামী লীগ   সিদ্দিক মেম্বার আওয়ামী লীগ মনোনীত তিনবারের – মুফতী মাসুম বিল্লাহ, আমীর নারায়ণগঞ্জ মহানগর ইসলামী আন্দোলন বাংলাদেশ।

 

 

মুফতী মাসুম বিল্লাহ, আমীর নারায়ণগঞ্জ মহানগর ইসলামী আন্দোলন বাংলাদেশ।

স্থানীয় বিএনপির কয়েকজন নেতাকর্মীর ভাষ্য, ফরদাবাদ ইউনিয়নে দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত জ্যেষ্ঠ ও ত্যাগী নেতাকর্মীরা রয়েছেন। দলীয় সমর্থনপ্রত্যাশী প্রার্থীর কর্মসূচিতে তাঁদের অনুপস্থিতি এবং অন্য রাজনৈতিক দলের নেতাদের ভূমিকা নিয়ে স্পষ্ট ব্যাখ্যা থাকা প্রয়োজন বলে মনে করছেন তাঁরা।

চেয়ারম্যান প্রার্থী আল আমিন এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, গিয়াসউদ্দিন ভাই আওয়ামী লীগ করেন, আমি জানতাম না। আর মুফতি মোহাম্মদ মাসুম বিল্লাহ আমাদের এলাকার বড় ভাই, তাই তাঁকে আমার মিটিংয়ে সভাপতি করা হয়েছে।

সিদ্দিক মেম্বারের বিষয়ে আল আমিন বলেন, আমি জানি, তিন তিনবারের মেম্বার সিদ্দিক মেম্বার। তিনিও যে আওয়ামী লীগ করেন, তা আমি জানতাম না।

স্থানীয় রাজনীতিতে আলোচনার ঝড়

ফরদাবাদ ইউনিয়নে বিএনপির সমর্থনপ্রত্যাশী চেয়ারম্যান প্রার্থীর উঠান বৈঠকে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতার সভাপতিত্ব, ইউনিয়ন বিএনপির শীর্ষ নেতাদের অনুপস্থিতি এবং আওয়ামী লীগের নেতাদের উপস্থিতি ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে।

তবে ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের অনুপস্থিতির কারণ এবং এ বিষয়ে দলীয় অবস্থান সম্পর্কে বিস্তারিত বক্তব্য পাওয়া যায়নি। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে ঘটনাটি স্থানীয় রাজনৈতিক আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে।