সারা দেশে বেসরকারি স্কুল-কলেজের পরিচালনা কমিটি গঠন স্থগিত
সারা দেশে বেসরকারি স্কুল-কলেজের পরিচালনা কমিটি গঠন স্থগিত
0:00 0:00

সারা দেশে বেসরকারি স্কুল-কলেজের পরিচালনা কমিটি গঠন স্থগিত

অন্যান্য
সারা দেশে বেসরকারি স্কুল-কলেজের পরিচালনা কমিটি গঠন স্থগিত
১৫ অক্টোবর ২০২৬, ৭:১৩ পিএম

সারা দেশে বেসরকারি স্কুল-কলেজের পরিচালনা কমিটি গঠন স্থগিত

নিজস্ব প্রতিবেদক:

সারা দেশে বেসরকারি নিম্নমাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটি গঠন কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত রাখা হয়েছে। নতুন প্রবিধানমালা চূড়ান্ত না হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রবিধানমালা চূড়ান্ত না হওয়ায় সিদ্ধান্ত

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিম্নমাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা স্তরের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি গঠনসংক্রান্ত প্রবিধানমালা, ২০২৬ এখনো চূড়ান্ত হয়নি। এ পরিপ্রেক্ষিতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব প্রতিষ্ঠানের গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটি গঠন কার্যক্রম স্থগিত রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়েছে।

অ্যাডহক কমিটি গঠনে আগের নির্দেশনা বহাল

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক কর্মকর্তা দৈনিক শিক্ষাডটকমকে জানিয়েছেন, নিয়মিত পরিচালনা কমিটি গঠনের কার্যক্রম পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। পরিবর্তিত পরিস্থিতিতে সুষ্ঠু ও নিরপেক্ষ প্রবিধানমালা তৈরিতে কিছুটা সময় লাগছে। শিগগিরই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে বলে আশা প্রকাশ করেন তিনি।

তবে অ্যাডহক কমিটি গঠনের ক্ষেত্রে আগের নির্দেশনা বহাল থাকবে বলে জানিয়েছেন ওই কর্মকর্তা। ফলে নিয়মিত কমিটি গঠনের কার্যক্রম স্থগিত থাকলেও অ্যাডহক কমিটি গঠনের বিষয়ে পূর্ববর্তী নির্দেশনা অনুসরণ করা যাবে।

যাঁদের কাছে পাঠানো হয়েছে বিজ্ঞপ্তি

জরুরি বিজ্ঞপ্তির অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের সচিব, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক, সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও জেলা শিক্ষা কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

এ ছাড়া বেসরকারি নিম্নমাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান এবং সমমানের প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও প্রধান শিক্ষকদের কাছেও বিজ্ঞপ্তির অনুলিপি পাঠানো হয়েছে।

এর আগে শিক্ষা প্রশাসনের একটি সূত্র দৈনিক শিক্ষাডটকমকে জানিয়েছিল, দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর পরিচালনা কমিটি গঠনের জন্য নতুন নীতিমালা প্রণয়নের উদ্যোগ নেওয়া হচ্ছে। নতুন নীতিমালায় কমিটি গঠনের প্রক্রিয়া ও নিয়মে কয়েকটি পরিবর্তন আসতে পারে বলে জানা গেছে।

নতুন প্রবিধানমালা চূড়ান্ত হওয়ার পর বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর নিয়মিত গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি গঠনের বিষয়ে পরবর্তী নির্দেশনা দেওয়া হবে।