আখাউড়ায় রেলসেতুর নিচে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, পরিচয়পত্রে মিলল ‘মিজান’ নাম
ফটো সংগ্রহীত
আখাউড়ায় রেলসেতুর নিচে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, পরিচয়পত্রে মিলল ‘মিজান’ নাম
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ঢাকা-সিলেট রেলপথের আখাউড়া-আজমপুর বাইপাস লাইনের খড়মপুর এলাকায় একটি রেলসেতুর নিচ থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৩ অক্টোবর) দুপুরে রেলসেতুর নিচে পানিতে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পান স্থানীয়রা। পরে তারা পুলিশকে খবর দিলে আখাউড়া থানা ও রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
পুলিশ সূত্রে জানা গেছে, মরদেহের পাশে থাকা একটি ব্যাগ থেকে মানিব্যাগ, টাকা, একটি স্মার্টফোন ও একটি প্রতিষ্ঠানের পরিচয়পত্র উদ্ধার করা হয়। পরিচয়পত্রে ‘হা-মীম গ্রুপের বঙ্গ ইঞ্জিনিয়ারিং কোম্পানি’র ওয়েল্ডিং সেকশনের কর্মী হিসেবে ‘মো. মিজান’ নাম উল্লেখ রয়েছে। পরিচয়পত্রে থাকা ছবির সঙ্গে উদ্ধার হওয়া মরদেহের চেহারার মিল রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আখাউড়া রেলওয়ে জিআরপি থানার উপপরিদর্শক (এসআই) মো. কাদের জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রেনের ধাক্কায় অথবা ট্রেন থেকে পড়ে ওই ব্যক্তির মৃত্যু হয়ে থাকতে পারে। মরদেহের মাথা ও মুখে আঘাতের চিহ্ন রয়েছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্ত ও তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ উল ইসলাম বলেন, রেলসেতুর দুই পাশ নেট দিয়ে ঘেরা থাকায় বাইরে থেকে মরদেহ ভেসে আসার সম্ভাবনা কম। ওই ব্যক্তি ট্রেন থেকে পড়ে মারা গেছেন, নাকি অন্য কোনো কারণে তার মৃত্যু হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া ব্যক্তির পরিচয় নিশ্চিত করা এবং মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে আরও স্পষ্ট তথ্য পাওয়া যাবে।

এটিএমটিভি ২৪ 




আপনার মতামত লিখুন