ব্রাহ্মণবাড়িয়ায় দায়িত্ব পালনকালে-সিআইডির এএসআইয়ের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় দায়িত্ব পালনকালে সিআইডির এএসআইয়ের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ায় দায়িত্ব পালনকালে মো. ফখরুল ইসলাম (৪২) নামে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর এক সহকারী উপপরিদর্শকের (এএসআই) মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদ্রোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হতে পারে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপারের কার্যালয়ে অবস্থিত সিআইডি অফিসে দায়িত্ব পালনকালে হঠাৎ বুকে তীব্র ব্যথা অনুভব করেন এএসআই ফখরুল ইসলাম। পরে সহকর্মীরা দ্রুত তাকে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে রাত সোয়া ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত মো. ফখরুল ইসলাম কুমিল্লা জেলার কোতোয়ালি থানার পাঁচথুবী ইউনিয়নের মির্জানগর গ্রামের মৃত সানাউল হকের ছেলে। প্রায় দেড় মাস আগে তিনি ব্রাহ্মণবাড়িয়া সিআইডিতে যোগদান করেন। এর আগে তিনি ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) কর্মরত ছিলেন।
ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আহসান হাবিব জানান, পুলিশ সদস্যকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কার্ডিয়াক অ্যারেস্ট বা হৃদ্রোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে।
ব্রাহ্মণবাড়িয়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রকিব উর রাজা বলেন, সিআইডিতে কর্মরত একজন পুলিশ সদস্যের মৃত্যুর খবর পেয়ে তিনি হাসপাতালে যান। জেলা পুলিশের পক্ষ থেকে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের আইনি ও আনুষ্ঠানিক প্রক্রিয়া চলছে।
এদিকে দায়িত্ব পালনকালে এএসআই ফখরুল ইসলামের আকস্মিক মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ বিভাগে শোকের ছায়া নেমে এসেছে।

এটিএমটিভি ২৪ 





আপনার মতামত লিখুন