Logo
প্রকাশ: শনিবার, ৩১ অক্টোবর ২০২৬  |  প্রিন্ট: শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

এটিএমটিভি ২৪

এটিএমটিভি ২৪

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

আলী আহাম্মেদ | নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২৪ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্কে ভাষণ দিতে যাচ্ছেন। এর মধ্য দিয়ে জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘের এই বিশ্বমঞ্চে বক্তব্য দেওয়ার ঘটনা ঘটতে যাচ্ছে।

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

এর আগে তারেক রহমানের বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৮০ সালের ২৬ আগস্ট জাতিসংঘ সাধারণ পরিষদের ১১তম বিশেষ অধিবেশনে ভাষণ দেন। জাতিসংঘের সরকারি নথি অনুযায়ী, ওই ভাষণে তিনি ধনী ও দরিদ্র দেশগুলোর মধ্যে ক্রমবর্ধমান বৈষম্য, দারিদ্র্য ও ক্ষুধা, অর্থনৈতিক উন্নয়ন এবং আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজনীয়তার বিষয়গুলো তুলে ধরেন।
জিয়াউর রহমান তাঁর বক্তব্যে আন্তর্জাতিক উন্নয়ন প্রতিশ্রুতি থাকা সত্ত্বেও দারিদ্র্য ও ক্ষুধা অব্যাহত থাকার কারণ নিয়ে প্রশ্ন তোলেন। একই সঙ্গে শান্তি, মানবিক মর্যাদা, ন্যায়বিচার এবং দেশগুলোর পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে বিশ্ব গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
এর ১৩ বছর পর, ১৯৯৩ সালের ১ অক্টোবর জাতিসংঘ সাধারণ পরিষদের ৪৮তম অধিবেশনে প্রথমবারের মতো ভাষণ দেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। পরবর্তী সময়ে তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের বিভিন্ন কার্যক্রমেও বক্তব্য দেন।
জাতিসংঘের নথির ভিত্তিতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৯৩ থেকে ২০০৫ সালের মধ্যে খালেদা জিয়া মোট পাঁচবার সাধারণ পরিষদের কার্যক্রমে বক্তব্য দেন। এর মধ্যে ১৯৯৫ সালে জাতিসংঘের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকীর স্মারক সভা, ২০০২ সালে শিশু বিষয়ক ২৭তম বিশেষ অধিবেশন এবং ২০০৫ সালে ৬০তম অধিবেশনের দুটি পৃথক সভা উল্লেখযোগ্য।
এবার একই আন্তর্জাতিক মঞ্চে প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে বক্তব্য দিতে যাচ্ছেন জিয়াউর রহমান ও খালেদা জিয়ার ছেলে তারেক রহমান। তাঁর এ ভাষণের মধ্য দিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের সঙ্গে জিয়া পরিবারের চার দশকেরও বেশি সময়ের সম্পর্কের ধারাবাহিকতায় নতুন একটি অধ্যায় যুক্ত হতে যাচ্ছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, তারেক রহমানের ভাষণে বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রা, আইনের শাসন ও জবাবদিহি, বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন ও অর্থনৈতিক সহযোগিতা, যুব ও নারীর ক্ষমতায়ন, শিক্ষা ও স্বাস্থ্য, রোহিঙ্গা সংকট, আধুনিক প্রযুক্তির অন্তর্ভুক্তিমূলক ব্যবহার এবং বহুপাক্ষিক ব্যবস্থার সংস্কারের মতো বিষয় গুরুত্ব পেতে পারে।
প্রধানমন্ত্রী ২১ সেপ্টেম্বর নিউইয়র্কে পৌঁছেছেন এবং ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের সাধারণ বিতর্কে তাঁর ভাষণ দেওয়ার কথা রয়েছে। নির্ধারিত সূচি অনুযায়ী, নিউইয়র্ক সময় বিকেল সাড়ে ৫টার দিকে তাঁর বক্তব্য দেওয়ার কথা থাকলেও সময়সূচিতে পরিবর্তন হতে পারে।

প্রকাশক : আলী আহাম্মেদ, সম্পাদক : মো: আসাদুজ্জামান

প্রিন্ট করুন