Logo
প্রকাশ: বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬  |  প্রিন্ট: বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

মহানবী (সা.)-কে নিয়ে অবমাননাকর পোস্টের অভিযোগ, আখাউড়ায় যুবক আটক

এটিএমটিভি ২৪

এটিএমটিভি ২৪

মহানবী (সা.)-কে নিয়ে অবমাননাকর পোস্টের অভিযোগ, আখাউড়ায় যুবক আটক

আলী আহাম্মেদ | নিজস্ব প্রতিবেদক

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে অবমাননাকর পোস্ট দেওয়ার অভিযোগে ওয়াসিম নামে এক যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় বাসিন্দারা।
বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার কর্নেলবাজার এলাকায় নিজ ব্যবসাপ্রতিষ্ঠান থেকে স্থানীয়রা তাঁকে আটক করেন। পরে খবর পেয়ে আখাউড়া থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওয়াসিমকে হেফাজতে নেয়।
আটক ওয়াসিম উপজেলার আইরোল গ্রামের বাসিন্দা। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, তাঁর বাবা রতন ডাক্তার কর্নেলবাজার এলাকায় পরিচিত ব্যক্তি।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ওয়াসিমের সামাজিক যোগাযোগমাধ্যমের একটি অ্যাকাউন্টে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কয়েকটি আপত্তিকর পোস্ট দেখা যায়। বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। পরে তাঁকে আটক করে পুলিশে খবর দেওয়া হয়।
এ ঘটনাকে কেন্দ্র করে কর্নেলবাজার এলাকায় উত্তেজনা দেখা দেয়। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকে প্রতিবাদ জানিয়ে বিভিন্ন পোস্ট ও মন্তব্য করছেন। অভিযোগের সুষ্ঠু তদন্ত করে সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম বলেন, মহানবী (সা.)-কে নিয়ে অবমাননাকর পোস্ট দেওয়ার অভিযোগে স্থানীয় বাসিন্দারা ওয়াসিমকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
তবে পুলিশি তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেওয়ার অভিযোগের সত্যতা নিশ্চিত হয়েছে বলে ধরে নেওয়া যাচ্ছে না।

প্রকাশক : আলী আহাম্মেদ, সম্পাদক : মো: আসাদুজ্জামান

প্রিন্ট করুন