Logo
প্রকাশ: বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬  |  প্রিন্ট: বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

ফেসবুকে ছবি দেখে নাসিরনগরে ডোবা থেকে উদ্ধার যুবকের পরিচয় শনাক্ত

এটিএমটিভি ২৪

এটিএমটিভি ২৪

ফেসবুকে ছবি দেখে নাসিরনগরে ডোবা থেকে উদ্ধার যুবকের পরিচয় শনাক্ত

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পরিত্যক্ত ডোবা থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত যুবকের পরিচয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে শনাক্ত হয়েছে। নিহত যুবকের নাম হাবিবুর রহমান (১৮)। তিনি জন্মগতভাবে শারীরিক, মানসিক ও বাক্‌প্রতিবন্ধী ছিলেন।
শনিবার (২৯ আগস্ট) বিকেলে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্ত সম্পন্ন করে হাবিবুর রহমানের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। পরে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়েছে।
যেভাবে নিখোঁজ হন হাবিব
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, গত ২৫ আগস্ট সকালে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হন হাবিবুর রহমান। স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাননি।
এরপর ২৭ আগস্ট সন্ধ্যায় নাসিরনগর উপজেলার গোকর্ণ ইউনিয়নের জেঠাগ্রাম চটিপাড়া এলাকার একটি পরিত্যক্ত ডোবা থেকে এক অজ্ঞাত যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করে পুলিশ।
মরদেহটি দীর্ঘ সময় পানিতে তলিয়ে থাকায় ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তাৎক্ষণিকভাবে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
ফেসবুকের মাধ্যমে মিলল পরিচয়
অজ্ঞাত মরদেহের পরিচয় শনাক্ত করতে সামাজিক সংগঠন ‘ব্রাহ্মণবাড়িয়া বাতিঘর’-এর ফেসবুক পেজে মরদেহের ছবি ও বিভিন্ন তথ্য প্রচার করা হয়।
পরে ফেসবুকে প্রকাশিত ছবিতে নিহত যুবকের পরনে থাকা কালো-সাদা ডোরাকাটা শার্ট দেখে স্বজনরা মরদেহটি হাবিবুর রহমানের বলে শনাক্ত করেন।
পরিবারের ধারণা, রাতে একটি মিলাদ মাহফিল থেকে বাড়ি ফেরার সময় অন্ধকারে অসাবধানতাবশত ডোবার পানিতে পড়ে গিয়ে হাবিবুরের মৃত্যু হতে পারে।
ময়নাতদন্ত শেষে মরদেহ হস্তান্তর
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনুল ইসলাম জানান, উদ্ধার হওয়া মরদেহটি ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। সেখানে ময়নাতদন্ত শেষে শনিবার বিকেলে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
পরে পারিবারিক কবরস্থানে হাবিবুর রহমানের দাফন সম্পন্ন করা হয়।

প্রকাশক : আলী আহাম্মেদ, সম্পাদক : মো: আসাদুজ্জামান

প্রিন্ট করুন