বন্দুক হাতে টিকটক ভিডিও ভাইরাল: নারায়ণগঞ্জে দুই তরুণ গ্রেপ্তার
আলী আহাম্মেদ | নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জে বন্দুক হাতে টিকটক ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনায় দুই তরুণকে গ্রেপ্তার করেছে নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ। তাদের কাছ থেকে শটগান ও এসএমজি সদৃশ্য প্লাস্টিকের অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, গত ২৮ আগস্ট বন্দুক হাতে দুই তরুণের ঘুরে বেড়ানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। নারায়ণগঞ্জ সিটি পার্কের বিভিন্ন এলাকায় ভিডিওটি ধারণ করা হয়েছিল। বিষয়টি পুলিশের নজরে এলে নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় আইসিটি শাখার একটি টিম ভিডিওটি বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত করে।
পুলিশের তথ্যমতে, ভিডিওটির নির্মাতা মোঃ লিমন তোহা (২২)। তিনি নারায়ণগঞ্জের বন্দর বাজার এলাকার কে কে টাওয়ারের পাশে মসুরের বাড়ির ভাড়াটিয়া। ভিডিওতে বন্দুক হাতে থাকা অপর তরুণ মোঃ ইয়াছিন মোল্লা (২৩)। তিনি বন্দর ফায়ার সার্ভিসের গলির বাসিন্দা।
পরে নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ সাজেদুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি অভিযানিক দল ২৮ আগস্ট রাত ১০টা ৩৫ মিনিটে নারায়ণগঞ্জের ২ নম্বর রেলগেট এলাকায় অভিযান চালিয়ে তাদের দুজনকে গ্রেপ্তার করে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, গ্রেপ্তার দুই তরুণ শটগান সদৃশ্য প্লাস্টিক শটগান ও এসএমজি সদৃশ্য প্লাস্টিক এসএমজি হাতে নিয়ে মহড়া দেন। এতে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন, ২০০২-এর ৪ ধারায় নিয়মিত মামলা করা হয়েছে।
মামলার পর গ্রেপ্তার দুই তরুণকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, বিনোদনের নামে সাধারণ মানুষকে ভয় দেখানো, পথচারী ও শিশুদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করা এবং সেই দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অস্ত্রগুলো প্লাস্টিকের বা খেলনা হলেও সেগুলো ব্যবহার করে জনমনে আতঙ্ক সৃষ্টি করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদেরও দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানিয়েছে পুলিশ। আতঙ্ক সৃষ্টি করতে পারে—এমন ভিডিও তৈরি, প্রচার বা শেয়ার করা থেকে সবাইকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।