অপসাংবাদিকতার বিরুদ্ধে ঐক্যের ডাক, ঢালাও দোষারোপ না করে অপরাধী চিহ্নিতের তাগিদ-শামীম শিবলী
আলী আহাম্মেদ
বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় অপসাংবাদিকতার বিরুদ্ধে সাংবাদিক সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে ঢালাওভাবে উপজেলার সব সংবাদকর্মীকে দোষারোপ না করে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার তাগিদ দিয়েছেন স্থানীয় ব্যক্তিত্ব মো. শামীম শিবলী।
এক বিশেষ বার্তায় মো. শামীম শিবলী বলেন, বাঞ্ছারামপুরের মাঠপর্যায়ে বস্তুনিষ্ঠ ও সত্য সংবাদ তুলে ধরতে গিয়ে অনেক সংবাদকর্মী নানা ধরনের চাপ, বাধা ও ভয়ভীতির মুখোমুখি হচ্ছেন। এরপরও তারা পেশাগত নীতি ও দায়বদ্ধতা বজায় রেখে জনস্বার্থে কাজ করে যাচ্ছেন।
তিনি বলেন, অধিকাংশ সাংবাদিক নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করলেও কতিপয় অসৎ ব্যক্তি ব্যক্তিস্বার্থ বা আর্থিক সুবিধার জন্য সাংবাদিকতার মতো গুরুত্বপূর্ণ পেশার মর্যাদা ক্ষুণ্ন করছেন। মুষ্টিমেয় ব্যক্তির কর্মকাণ্ডের কারণে পুরো সাংবাদিক সমাজের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।
শামীম শিবলী আরও বলেন, সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে কারা সাধারণ মানুষের কাছে সৎ ও পেশাদার সংবাদকর্মীদের হেয় প্রতিপন্ন করছেন, তা চিহ্নিত করা জরুরি। অপসাংবাদিকতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হলে নির্দিষ্ট ব্যক্তি ও কর্মকাণ্ড চিহ্নিত করে তথ্য-প্রমাণের ভিত্তিতে পদক্ষেপ নেওয়া উচিত।
তিনি বাঞ্ছারামপুরের সৎ ও পেশাদার সাংবাদিকদের ঐক্যবদ্ধ হয়ে সাংবাদিকতার মর্যাদা রক্ষায় ভূমিকা রাখার আহ্বান জানান। একই সঙ্গে সাধারণ মানুষ ও পাঠকদেরও যাচাই-বাছাই করে সংবাদ গ্রহণ এবং অপসাংবাদিকতার বিরুদ্ধে সচেতন থাকার আহ্বান জানান তিনি।