Logo
প্রকাশ: বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬  |  প্রিন্ট: বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

হোমনায় খাদ্যবান্ধব কর্মসূচির ৪০ বস্তা সরকারি চাল জব্দ, ডিলারকে দলীয় পদ থেকে অব্যাহতি

এটিএমটিভি ২৪

এটিএমটিভি ২৪

হোমনায় খাদ্যবান্ধব কর্মসূচির ৪০ বস্তা সরকারি চাল জব্দ, ডিলারকে দলীয় পদ থেকে অব্যাহতি

নিজস্ব প্রতিবেদক | হোমনা, কুমিল্লা

কুমিল্লার হোমনা উপজেলার ঘাগুটিয়া ইউনিয়নের দড়িচর বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ৪০ বস্তা সরকারি চাল জব্দ করেছে পুলিশ। উপকারভোগীদের জন্য বরাদ্দ এসব চাল অন্যত্র বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়ার অভিযোগে বুধবার (১৯ আগস্ট) রাতে স্থানীয় লোকজন চালগুলো আটক করেন। পরে খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তার অবহিত করার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে চালগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় হতদরিদ্র উপকারভোগীদের ১৫ টাকা কেজি দরে ৩০ কেজি করে চাল দেওয়ার নিয়ম রয়েছে। অভিযোগ উঠেছে, উপকারভোগীদের মধ্যে বিতরণ না করে ২৫ কেজি ওজনের ৪০ বস্তা চাল অন্যত্র বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল।
বুধবার রাত সাড়ে ৯টার দিকে দড়িচর বাজার এলাকায় চালবোঝাই একটি গাড়ি স্থানীয়দের সন্দেহ হলে তারা সেটি আটক করেন। এ সময় খাদ্যবান্ধব কর্মসূচির চালের ডিলার ও ঘাগুটিয়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি মো. মোসলেম সরকারের এক সহযোগীকেও স্থানীয়রা আটক করেন বলে জানা গেছে।
স্থানীয় নাসির উদ্দিন বলেন, সরকারি চালসহ গাড়িটি আটকানোর পর ডিলার মোসলেম সরকারের সহযোগীকে জিজ্ঞাসাবাদ করা হয়। তিনি চালের বস্তাগুলো গৌরীপুর থেকে আনা হয়েছে বলে জানান। তবে গাড়িচালক জানান, চালগুলো দড়িচর থেকেই গাড়িতে তোলা হয়েছে এবং দুলালপুরের উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল। বিষয়টি সন্দেহজনক মনে হলে খাদ্য কর্মকর্তাকে ও পুলিশকে জানানো হয়। পরে রাত আনুমানিক ১২টার দিকে পুলিশ চালগুলো হোমনা থানায় নিয়ে যায়।
স্থানীয়দের দাবি, গাড়িচালককে জিজ্ঞাসাবাদের সময় তিনি দুলালপুর বাজারের একটি দোকানে চালগুলো বিক্রির উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল বলে জানিয়েছেন। তবে ওই বক্তব্যের ভিডিও ধারণ করা সম্ভব হয়নি বলে জানান তারা।
এদিকে সরকারি চাল আটকের বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। এর পরিপ্রেক্ষিতে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে হোমনা উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের অনুমতি নিয়ে যুগ্ম আহ্বায়ক মো. শাহ আলম (হিমেল) স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে মো. মোসলেম সরকারকে বিএনপির সকল পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।
হোমনা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা ফরিদা আবেদীন বলেন, তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারি চাল আটকের বিষয়টি জানতে পারেন। পরে বিষয়টি হোমনা থানার পুলিশকে জানানো হয়। পুলিশ ঘটনাস্থল থেকে চালগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসে। তিনি মামলা করার জন্য থানায় এসেছেন।
হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টমাস বড়ুয়া বলেন, বুধবার রাতে স্থানীয় জনগণ ২৫ কেজি ওজনের সরকারি ৪০ বস্তা চাল আটক করেন। খাদ্য কর্মকর্তার কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চালগুলো উদ্ধার করে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
তবে সরকারি চালগুলো প্রকৃতপক্ষে কোথা থেকে নেওয়া হয়েছিল, কোথায় নেওয়া হচ্ছিল এবং এ ঘটনায় কারা জড়িত—তা তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

প্রকাশক : আলী আহাম্মেদ, সম্পাদক : মো: আসাদুজ্জামান

প্রিন্ট করুন