Logo
প্রকাশ: বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬  |  প্রিন্ট: বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

রূপসদী দক্ষিণ আনন্দপাড়ায় মাদকবিরোধী প্রচারণা, প্রশাসনের সহযোগিতা কামনা

এটিএমটিভি ২৪

এটিএমটিভি ২৪

রূপসদী দক্ষিণ আনন্দপাড়ায় মাদকবিরোধী প্রচারণা, প্রশাসনের সহযোগিতা কামনা

আলী আহাম্মেদ
নিজস্ব প্রতিবেদক | বাঞ্ছারামপুর
৭ আগস্ট ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার রূপসদী দক্ষিণ আনন্দপাড়ায় মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টিতে মাদকবিরোধী প্রচারণা চালিয়েছে স্থানীয় আনন্দ পাড়া যুব সমাজ। এ সময় “মাদক নয়, জীবন চাই” স্লোগানসংবলিত সচেতনতামূলক ব্যানার প্রদর্শন করা হয়।
স্থানীয়দের অভিযোগ, রূপসদী দক্ষিণ আনন্দপাড়ায় দীর্ঘদিন ধরে একটি চক্র মাদক কেনাবেচার সঙ্গে জড়িত। তাদের দাবি, সন্ধ্যার পর বিভিন্ন এলাকা থেকে লোকজন এসে ওই এলাকায় মাদক কেনাবেচা ও সেবনে জড়িত হয়। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বাড়ছে।
সচেতনতামূলক কার্যক্রমে বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবনই ধ্বংস করে না, এর নেতিবাচক প্রভাব পরিবার, সমাজ ও তরুণ প্রজন্মের ওপরও পড়ে। তাই মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের কার্যকর ভূমিকা প্রয়োজন।
এ সময় জনাব নুরুল ইসলাম সরকার মাদকবিরোধী সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া জনাব আব্দুর রহিম সালাফী, জনাব আমির হোসেন মাঝি, জনাব আবুল হোসেন মাঝি, জনাব বাতেন মিয়া ও সাক্কু মাঝিসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।
রাতে বাড়ে আতঙ্ক, নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন স্থানীয়রা
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সন্ধ্যার পর রূপসদী দক্ষিণ আনন্দপাড়ায় কথিত মাদক কারবারি ও মাদকসেবীদের আনাগোনা বেড়ে যায়। রাত বাড়ার সঙ্গে সঙ্গে চুরি, ডাকাতি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধের আশঙ্কায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। বিশেষ করে নারী ও শিশুদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন স্থানীয় বাসিন্দা বলেন, “জীবনের নিরাপত্তার কথা চিন্তা করে আমরা প্রকাশ্যে কারও বিরুদ্ধে কথা বলার সাহস পাই না। সন্ধ্যার পর থেকে এলাকার পরিস্থিতি নিয়ে আমরা আতঙ্কে থাকি। প্রশাসনের সহযোগিতা ও নিয়মিত নজরদারি প্রয়োজন।
তবে স্থানীয়দের এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসন বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
এ বিষয়ে স্থানীয়রা বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) ও উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। তারা এলাকায় নিয়মিত টহল ও নজরদারি বৃদ্ধি, মাদকবিরোধী অভিযান এবং অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
স্থানীয়দের প্রত্যাশা, প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর পদক্ষেপের পাশাপাশি সামাজিকভাবে সচেতনতা বৃদ্ধি করা হলে রূপসদী দক্ষিণ আনন্দপাড়াকে মাদকমুক্ত, নিরাপদ ও শান্তিপূর্ণ এলাকা হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।

প্রকাশক : আলী আহাম্মেদ, সম্পাদক : মো: আসাদুজ্জামান

প্রিন্ট করুন