Logo
প্রকাশ: শনিবার, ৩১ অক্টোবর ২০২৬  |  প্রিন্ট: শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

কুবি শিক্ষার্থী ফারজানা হত্যার বিচারের দাবিতে বাঞ্ছারামপুরে মানববন্ধন

এটিএমটিভি ২৪

এটিএমটিভি ২৪

কুবি শিক্ষার্থী ফারজানা হত্যার বিচারের দাবিতে বাঞ্ছারামপুরে মানববন্ধন

আলী আহাম্মেদ
বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ফার্মেসি বিভাগের মে ধাবী শিক্ষার্থী ফারজানা ইসলামের রহস্যজনক মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর) সকালে বাঞ্ছারামপুর উপজেলার জয়কালীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গ্রামবাসী ও ‘খাদেমুল ইসলাম মানবকল্যাণ সংগঠন’-এর যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। এতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে ফারজানার বাবা রফিকুল ইসলাম ফাজিল অভিযোগ করেন, পরকীয়ার বিরোধকে কেন্দ্র করে তার মেয়েকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। পরে ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে দেখানোর চেষ্টা করা হয়েছে বলে দাবি করেন তিনি।

তিনি বলেন, এর আগেও মেয়ের স্বামীর অনৈতিক সম্পর্কের অভিযোগে মামলা করা হয়েছিল। পরে পারিবারিক সমঝোতায় বিষয়টি নিষ্পত্তি হয়। কিন্তু সেই বিরোধের জের ধরে তার মেয়েকে হত্যা করা হয়েছে বলে তিনি মনে করেন। ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ২৪ অক্টোবর রাত সাড়ে ১০টার দিকে নারায়ণগঞ্জের ফতুল্লা থানার ভুঁইঘর এলাকার একটি ভাড়া বাসা থেকে ফারজানার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় তার স্বামী নাজমুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়।

নিহত ফারজানা ইসলাম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তার স্বামী নাজমুল ইসলাম একই বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের সাবেক শিক্ষার্থী। তার বাড়ি চাঁদপুরের কচুয়া উপজেলায়। বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে পারিবারিক সম্মতিতে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। তবে বিয়ের পর পরকীয়ার অভিযোগকে কেন্দ্র করে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল বলে জানা গেছে।

মানববন্ধনে বক্তারা বলেন, একজন মেধাবী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর এমন রহস্যজনক মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ফারজানার মৃত্যুর প্রকৃত কারণ উদ্‌ঘাটনে নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে হবে। একই সঙ্গে কোনো প্রভাবশালী মহলের হস্তক্ষেপে যেন বিচারপ্রক্রিয়া বাধাগ্রস্ত না হয়, সে বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন তারা।

বক্তারা দ্রুত তদন্ত শেষ করে ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

 

প্রকাশক : আলী আহাম্মেদ, সম্পাদক : মো: আসাদুজ্জামান

প্রিন্ট করুন