ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে অভিযান, ১৫ হাজার মিটার কারেন্ট জাল ও ৫০টি চায়না দুয়ারী জাল জব্দ
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদীতে অভিযান চালিয়ে ১৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও প্রায় ৫০টি চায়না দুয়ারী বা রিং জাল জব্দ করেছে জেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদপ্তর। পরে জব্দ করা এসব জাল শহরের আনন্দবাজার ঘাটে পুড়িয়ে ধ্বংস করা হয়।
বুধবার (২৮ অক্টোবর) দুপুর থেকে বিকেল পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। জেলা সদরের আনন্দবাজার ঘাট থেকে শুরু হওয়া অভিযান ভাদুঘর এলাকা পর্যন্ত চলে।
অভিযান চলাকালে তিতাস নদীতে মাছ ধরার কাজে ব্যবহৃত অবৈধ চায়না দুয়ারী, রিং জাল ও কারেন্ট জাল জব্দ করা হয়। পাশাপাশি নদীর তীরবর্তী জেলেপল্লিতে গিয়ে জেলেদের অবৈধ জাল ব্যবহার না করার বিষয়ে সতর্ক করা হয়।
এ সময় নদীর জীববৈচিত্র্য সংরক্ষণ, মাছের প্রজনন ও বংশবৃদ্ধি নিশ্চিত করতে এসব ক্ষতিকর জালের ব্যবহার বন্ধে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।
অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শরীফুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ওয়াহিদুর রহমান মজুমদার, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শিমুল রানী পাল, তরী বাংলাদেশের আহ্বায়ক শামীম আহমেদ ও সদস্য সোহেল রানা ভূঁইয়া। এছাড়া সদর থানার এসআই ফারুকের নেতৃত্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অভিযানে অংশ নেন।
তিতাস নদীর মাছের প্রজনন ও জলজ পরিবেশ রক্ষায় অবৈধ জালের ব্যবহার বন্ধে এ ধরনের অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।