হোমনা চান্দেরচর ইউনিয়ন সাবেক ইউপি সদস্য আউয়াল মেম্বার আর নেই
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার হোমনা উপজেলার চান্দেরচর ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামের সাবেক ইউপি সদস্য আবদুল আউয়াল মেম্বার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দীর্ঘদিন বিভিন্ন শারীরিক অসুস্থতায় ভোগার পর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তিনি আত্মীয়-স্বজন, বহু গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। তাঁর প্রয়াণে নিজ গ্রাম রামকৃষ্ণপুরসহ পুরো চান্দেরচর ইউনিয়নে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয়দের কাছে তিনি অত্যন্ত শ্রদ্ধেয় ও জনপ্রিয় ব্যক্তিত্ব ছিলেন। ইউপি সদস্য থাকাকালীন এবং পরবর্তী সময়েও তিনি এলাকার গরিব, দুঃখী ও অসহায় মানুষের পাশে সবসময় ছায়ার মতো থাকতেন। বিপদে-আপদে মানুষের পাশে দাঁড়ানোর কারণে দলমত নির্বিশেষে সাধারণ মানুষের কাছে তাঁর বিশেষ গ্রহণযোগ্যতা ও সুনাম ছিল।
এদিকে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ফরদাবাদ ইউনিয়নে ছিল তাঁর শ্বশুরবাড়ি। সেই সুবাদে তিনি ফরদাবাদ এলাকাতেও বেশ সমাদৃত ছিলেন এবং স্থানীয়রা তাঁকে স্নেহ ও শ্রদ্ধার সঙ্গে ‘ফরদাবাদের জামাই আউয়াল মেম্বার’ নামে চিনতেন। তাঁর মৃত্যুতে ফরদাবাদ এলাকার স্বজন ও পরিচিতজনদের মাঝেও শোকের আবহ তৈরি হয়েছে।
মরহুমের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। তাঁরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার যেন এই অপূরণীয় ক্ষতি কাটিয়ে উঠতে পারে, সেজন্য দোয়া প্রার্থনা করেন।