Logo
প্রকাশ: শনিবার, ৩১ অক্টোবর ২০২৬  |  প্রিন্ট: শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পর্যায়ে চিত্রাঙ্কনে বাঞ্ছারামপুরের আঁখিনূর আইভির গৌরবোজ্জ্বল সাফল্য

এটিএমটিভি ২৪

এটিএমটিভি ২৪

ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পর্যায়ে চিত্রাঙ্কনে বাঞ্ছারামপুরের আঁখিনূর আইভির গৌরবোজ্জ্বল সাফল্য

​আলী আহাম্মেদ

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়া জেলা পর্যায়ে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করে বাঞ্ছারামপুর উপজেলার মুখ উজ্জ্বল করেছে মেধাবী শিক্ষার্থী আঁখিনূর আইভি। এর আগে উপজেলা পর্যায়ের প্রতিযোগিতায় সে প্রথম স্থান অধিকার করে জেলায় অংশগ্রহণের গৌরব অর্জন করেছিল।

​আঁখিনূর আইভি বাঞ্ছারামপুর সরকারি এস এম পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। সে বাঞ্ছারামপুর প্রেস ক্লাবের সহসভাপতি সাংবাদিক আলমগীর হোসেনের মেঝো কন্যা এবং তার মা একজন নিষ্ঠাবান প্যারামেডিক স্বাস্থ্যকর্মী। তাদের বাড়ি উপজেলার ছলিমাবাদ ইউনিয়নের সাতবিলা গ্রামের জলিল চেয়ারম্যান বাড়ি।

​গত ০৭ অক্টোবর ২০২৬ তারিখে উপজেলা পর্যায়ের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অসাধারণ নৈপুণ্য দেখিয়ে প্রথম স্থান অধিকার করে আইভি। এর পরদিনই, ০৮ অক্টোবর ২০২৬ তারিখে জেলা শিল্পকলা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আয়োজনে অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়া জেলা পর্যায়ের মূল প্রতিযোগিতায় অংশ নিয়ে সে দ্বিতীয় স্থান অর্জন করে।

​সহশিক্ষা কার্যক্রমের পাশাপাশি প্রাতিষ্ঠানিক ও মেধাভিত্তিক বিভিন্ন ক্ষেত্রেও আইভির ধারাবাহিক সাফল্য রয়েছে। সে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যান্ড প্রি-ক্যাডেট স্কুল ফাউন্ডেশনের অধীনে অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষায় ২০২৪ ও ২০২৫ সালে যথাক্রমে সপ্তম ও অষ্টম শ্রেণিতে সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করে। এছাড়া বাংলাদেশ স্কাউটসের বিভিন্ন মূল্যায়ন ও লিখিত পরীক্ষায় উপজেলা, জেলা এবং আঞ্চলিক ধাপ সফলভাবে সম্পন্ন করে জাতীয় পর্যায় পর্যন্ত অংশ নেওয়ার গৌরব রয়েছে তার।

​বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও স্থানীয় গুণীজনরা জানান, আঁখিনূর আইভির এই সাফল্য বাঞ্ছারামপুর সরকারি এস এম পাইলট মডেল উচ্চ বিদ্যালয়সহ সমগ্র বাঞ্ছারামপুর উপজেলার মর্যাদা বৃদ্ধি করেছে।

​নিজের সাফল্যের অনুভূতি প্রকাশ করে আঁখিনূর আইভি জানায়, ভবিষ্যতে পড়াশোনার পাশাপাশি সৃজনশীল ও সামাজিক ক্ষেত্রে আরও বড় পরিসরে দেশের জন্য কাজ করতে চায় সে। এই লক্ষ্য পূরণে সে শিক্ষক, পরিবার ও উপজেলাবাসীর দোয়া ও সহযোগিতা কামনা করেছে।

প্রকাশক : আলী আহাম্মেদ, সম্পাদক : মো: আসাদুজ্জামান

প্রিন্ট করুন