আশুগঞ্জে ২০ কেজি গাঁজাসহ ট্রাক উদ্ধার, গ্রেপ্তার ৩
ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ২০ কেজি গাঁজাসহ একটি ট্রাক আটক করেছে পুলিশ। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (৮ অক্টোবর ২০২৬) রাত ১২টা ৪০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ টোলপ্লাজা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, আশুগঞ্জ থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে টোলপ্লাজা এলাকা থেকে একটি ট্রাক আটক করে। পরে ট্রাকটিতে তল্লাশি চালিয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় মাদক পরিবহনের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—হবিগঞ্জের চুনারঘাট উপজেলার দক্ষিণ ছয়শ্রী এলাকার আহমদ গফুরের ছেলে মো. আব্দুল হক, হবিগঞ্জের গৌরাঙ্গীর চর এলাকার আকমির মিয়ার ছেলে মো. রুবেল মিয়া এবং ঢাকার রমনা থানার মগবাজার চেয়ারম্যান গলি এলাকার (ভাসমান) মোসলেম মিয়ার ছেলে মো. আকরাম মিয়া।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধার করা ২০ কেজি গাঁজা বিধি অনুযায়ী জব্দ তালিকার মাধ্যমে জব্দ করা হয়েছে।
এ ঘটনায় আশুগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।