বাঞ্ছারামপুরে ২০ পিস ইয়াবাসহ ‘মাদক কারবারি’ রিপন গ্রেপ্তার
আলী আহাম্মেদ
বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে মাদকবিরোধী অভিযানে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আরিফ আহমেদ রিপন (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশ।
বুধবার (৬ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ফরদাবাদ ইউনিয়নের ড. রওশন আলম কলেজ সংলগ্ন দক্ষিণপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আরিফ আহমেদ রিপন ফরদাবাদ ইউনিয়নের ফরদাবাদ গ্রামের মৃত খালেক (অলু মেম্বার)-এর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ফরদাবাদ ড. রওশন আলম কলেজ সংলগ্ন দক্ষিণপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় সন্দেহভাজন আরিফ আহমেদ রিপনের দেহ তল্লাশি করে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে সাক্ষীদের উপস্থিতিতে জব্দ তালিকা অনুযায়ী ইয়াবাগুলো জব্দ করা হয়।
স্থানীয় কয়েকজন বাসিন্দার অভিযোগ, গ্রেপ্তার রিপন দীর্ঘদিন ধরে মাদক সেবন ও মাদক বিক্রির সঙ্গে জড়িত বলে এলাকায় আলোচনা ছিল। তার গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়ার পর স্থানীয় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে জানান তারা। তবে এসব অভিযোগের বিষয়ে আইনগতভাবে চূড়ান্ত সিদ্ধান্ত আদালতের মাধ্যমে হবে।
এ ঘটনায় বাঞ্ছারামপুর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মামলার নম্বর ০১(৪)।
বাঞ্ছারামপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, গ্রেপ্তার আসামিকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।