অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষায় যুবদলের জরুরি নির্দেশনা
নিজস্ব প্রতিবেদক
সংগঠনের অভ্যন্তরীণ শৃঙ্খলা ও সাংগঠনিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে জেলা, মহানগর ও অধীনস্থ ইউনিটগুলোকে জরুরি নির্দেশনা দিয়েছে জাতীয়তাবাদী যুবদল।
সোমবার (২৮ সেপ্টেম্বর) যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংগঠনের অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে উপজেলা, পৌর ও থানা পর্যায়ে যেকোনো সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহণের এখতিয়ার কেন্দ্রীয় নির্বাহী কমিটির। জেলা ও মহানগর যুবদলের সুপারিশের ভিত্তিতে সংশ্লিষ্ট বিষয়ে কেন্দ্রীয় নির্বাহী কমিটি সিদ্ধান্ত প্রদান করবে।
নির্দেশনায় আরও বলা হয়, ইউনিয়ন পর্যায়ে কমিটি গঠন, পুনর্গঠন, বিলুপ্তি কিংবা কোনো নেতাকর্মীকে বহিষ্কার, অব্যাহতি, পদ স্থগিত অথবা কারণ দর্শানোর বিষয়ে কেন্দ্রীয় নির্বাহী কমিটিকে অবহিত করে জেলা ও মহানগর যুবদল সিদ্ধান্ত নিতে পারবে।
তবে কেন্দ্রীয় নির্বাহী কমিটিকে অবহিত করা বা কেন্দ্রীয় নির্বাহী কমিটির পরামর্শ ছাড়া সংশ্লিষ্ট ইউনিটে কোনো সিদ্ধান্ত দেওয়া যাবে না বলেও বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়েছে।
এ ছাড়া ওয়ার্ড পর্যায়ে কমিটি গঠন, পুনর্গঠন, বিলুপ্তি কিংবা কোনো ব্যক্তিকে বহিষ্কার, অব্যাহতি, পদ স্থগিত বা কারণ দর্শানোর বিষয়ে জেলা বা মহানগর যুবদলকে অবহিত করে উপজেলা, পৌর বা থানা যুবদল সিদ্ধান্ত গ্রহণ করবে।
কমিটিবিহীন উপজেলা, পৌর বা থানা অধীনস্থ অথবা আওতাভুক্ত ওয়ার্ডের ক্ষেত্রে জেলা বা মহানগর যুবদল সরাসরি সাংগঠনিক সিদ্ধান্ত নিতে পারবে বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।
যুবদলের কেন্দ্রীয় নেতৃত্বের এই নির্দেশনার মাধ্যমে বিভিন্ন ইউনিটে সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে দায়িত্ব ও এখতিয়ার আরও স্পষ্ট করা হয়েছে।