৩২ বছর শিক্ষকতা শেষে রাজকীয় সম্মাননায় বিদায় নিলেন রোকনুজ্জামান
জুনায়েদ আহমেদ তিতাস
মেঘনা উপজেলা প্রতিনিধি:
মাত্র ৫০০ টাকা বেতনে শিক্ষকতা জীবন শুরু করেছিলেন মো. রোকনুজ্জামান। সংসার চালাতে কষ্ট হওয়ায় একসময় তিন দিনের ছুটি নিয়ে ঢাকায় গিয়ে ১০ হাজার টাকা বেতনে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরিও নিয়েছিলেন। তবে প্রিয় বিদ্যালয় ও শিক্ষার্থীদের ভালোবাসার টানে সেই চাকরি ছেড়ে আবারও ফিরে আসেন মেঘনা উপজেলার মুগারচর কেরামত আলী উচ্চ বিদ্যালয়ে।
এরপর পেরিয়ে গেছে দীর্ঘ ৩২ বছর। দীর্ঘ শিক্ষকতা জীবন শেষে অবসরে যাওয়া প্রিয় শিক্ষককে এবার ব্যতিক্রমী ও রাজকীয় আয়োজনে বিদায় সংবর্ধনা দিয়েছেন তাঁর সাবেক শিক্ষার্থীরা।
শনিবার মেঘনা উপজেলার মুগারচর কেরামত আলী উচ্চ বিদ্যালয় মাঠে এ বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে ফুলের মালা দিয়ে ছাদখোলা গাড়িতে করে শিক্ষক মো. রোকনুজ্জামানকে বিদ্যালয় প্রাঙ্গণে নিয়ে আসেন তাঁর সাবেক শিক্ষার্থীরা। পরে লালগালিচায় তাঁকে দেওয়া হয় গার্ড অব অনার।
১৯৯৪ থেকে ২০২৫ সাল পর্যন্ত বিভিন্ন ব্যাচের সাবেক শিক্ষার্থীদের পক্ষ থেকে শিক্ষক রোকনুজ্জামানের হাতে তুলে দেওয়া হয় নগদ ৫ লাখ টাকা, ওমরাহ হজ পালনের প্যাকেজ এবং পবিত্র বুখারি শরিফ।
অনুষ্ঠানে আবেগঘন বক্তব্যে শিক্ষক মো. রোকনুজ্জামান বলেন, শিক্ষার্থীদের ভালোবাসা ও সম্মানই তাঁর দীর্ঘ শিক্ষকতা জীবনের সবচেয়ে বড় পাওয়া। তাঁদের এমন ভালোবাসা ও সম্মাননা তাঁর শিক্ষকতা জীবনের স্মৃতিতে চিরদিন অমলিন হয়ে থাকবে।
সাবেক শিক্ষার্থীরা বলেন, রোকনুজ্জামান স্যার শুধু তাঁদের পাঠ্যবইয়ের শিক্ষা দেননি, বরং ভালো মানুষ হওয়ার শিক্ষাও দিয়েছেন। তাঁর কাছ থেকে পাওয়া শিক্ষা ও মূল্যবোধ তাঁরা সারাজীবন মনে রাখবেন। তাঁর অবদান কখনো ভোলার নয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন বলেন, দীর্ঘ ৩২ বছর নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে শিক্ষকতা করে রোকনুজ্জামান অসংখ্য শিক্ষার্থীকে জ্ঞান ও নৈতিক শিক্ষায় গড়ে তুলেছেন। সাবেক শিক্ষার্থীদের পক্ষ থেকে এমন আয়োজন তাঁর প্রতি ভালোবাসা, শ্রদ্ধা ও কৃতজ্ঞতার বহিঃপ্রকাশ।
মুগারচর কেরামত আলী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি অ্যাডভোকেট মো. মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেঘনা উপজেলা বিএনপির সভাপতি রমিজ উদ্দিন লন্ডনী, রাধানগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. কামরুল হোসেন, সাবেক চেয়ারম্যান মো. শাহাব উদ্দিন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ও বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মো. সুলেমান, ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আসিফুল ইসলাম আসিফসহ বিদ্যালয়ের শিক্ষক, সাবেক ও বর্তমান শিক্ষার্থী এবং বিভিন্ন পর্যায়ের অতিথিরা।
প্রিয় শিক্ষককে ঘিরে সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলায় দিনভর বিদ্যালয় প্রাঙ্গণে ছিল আবেগঘন পরিবেশ। দীর্ঘদিনের শিক্ষকতার স্মৃতি, প্রিয় শিক্ষকের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধায় অনুষ্ঠানে অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে তৈরি হয় এক অন্যরকম আবেগঘন মুহূর্ত।