মুরাদনগরে সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন
মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার মুরাদনগর উপজেলায় যোগদানের মাত্র তিন মাসের মধ্যেই নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে সাব-রেজিস্ট্রার মেহেদী হাসানের বিরুদ্ধে। তার দ্রুত অপসারণ ও মুরাদনগর থেকে প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগী জনতা।
সোমবার সকালে মুরাদনগর উপজেলা সাব-রেজিস্ট্রার কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা ভুক্তভোগী সাধারণ মানুষ, দলিল লেখক এবং স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, সাব-রেজিস্ট্রার মেহেদী হাসান মুরাদনগরে যোগদানের পর থেকেই সাব-রেজিস্ট্রি অফিসে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির পরিবেশ সৃষ্টি হয়েছে। জমির শ্রেণি পরিবর্তন, কাগজপত্র যাচাই ও জমি রেজিস্ট্রিসহ বিভিন্ন সেবা নিতে নির্দিষ্ট অঙ্কের ঘুষ দিতে হচ্ছে বলে অভিযোগ করেন তারা।
ভুক্তভোগীদের দাবি, ঘুষের টাকা না দিলে সাধারণ সেবাগ্রহীতাদের বিভিন্নভাবে হয়রানি করা হয় এবং প্রয়োজনীয় ফাইল আটকে রাখা হয়। মাত্র প্রায় ৯০ দিনের মধ্যেই ঘুষ ও নানা অনিয়মের মাধ্যমে বিপুল অঙ্কের অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগও করেন আন্দোলনকারীরা।
মানববন্ধনে বক্তারা বলেন, একজন সরকারি কর্মকর্তার বিরুদ্ধে এ ধরনের অভিযোগ পুরো উপজেলার প্রশাসনিক ভাবমূর্তিকে ক্ষুণ্ন করছে। তারা অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
কর্মসূচি থেকে সাব-রেজিস্ট্রার মেহেদী হাসানকে দ্রুত মুরাদনগর থেকে প্রত্যাহার এবং তার বিরুদ্ধে তদন্তপূর্বক দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়।
দাবি আদায় না হলে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা।
এ বিষয়ে কুমিল্লা জেলা রেজিস্ট্রার খালিদ মোহাম্মদ বিন আসাদ বলেন, “পত্রিকার নিউজ পড়ে অভিযোগগুলোর বিষয়ে জেনেছি। আজ তদন্তে এসে ভুক্তভোগীদের মুখেও একই ধরনের অভিযোগ শুনেছি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। তারাই প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।”
তবে এ বিষয়ে সাব-রেজিস্ট্রার মেহেদী হাসানের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে সংযুক্ত করা হবে।
উল্লেখ্য, মানববন্ধনে উত্থাপিত অভিযোগগুলোর বিষয়ে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত তথ্য উদঘাটনের দাবি জানিয়েছেন অংশগ্রহণকারীরা।