হোমনায় এমপি সেলিম ভূঁইয়ার গণসংবর্ধনায় নেতাকর্মীদের ঢল
জুনায়েদ আহমেদ, হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:
শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়াকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে হোমনা উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এ গণসংবর্ধনা অনুষ্ঠিত হয়।
গণসংবর্ধনাকে কেন্দ্র করে বিকেল থেকেই বিভিন্ন এলাকা থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে অনুষ্ঠানস্থলে আসতে শুরু করেন। একপর্যায়ে হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয়ের বিশাল মাঠ নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে যায়। বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও অনুষ্ঠানে অংশ নেন।

হোমনা উপজেলা বিএনপির সভাপতি মো. মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক ভিপি মুকুল।
অনুষ্ঠানে বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মাহফুজুল ইসলাম ভূঁইয়া, কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আবুল হাশেম চেয়ারম্যান, যুগ্ম আহ্বায়ক আব্বাস উদ্দিন ও ওসমান গনি ভূঁইয়া, হোমনা পৌর বিএনপির সভাপতি সানাউল্লাহ সরকার এবং সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলামসহ উপজেলা, পৌর ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া বলেন, হোমনা-তিতাসে মাদক ও জুয়ার সঙ্গে জড়িতদের কোনো স্থান হবে না। যে কোনো ধরনের অপরাধীর জন্য এ এলাকার মাটি নিষিদ্ধ।
তিনি বলেন, অপরাধীরা থানায় গিয়ে আত্মসমর্পণ করলে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।
সেলিম ভূঁইয়া আরও বলেন, “আমার জনগণ শান্তিতে থাকবে এবং বৈধ উপার্জনের মাধ্যমে জীবনযাপন করবে। আমার জনগণকে অন্যায়ভাবে বিরক্ত করলে কাউকে ছাড় দেওয়া হবে না।”
তিনি হোমনা-তিতাসকে মাদক, জুয়া ও অপরাধমুক্ত করে একটি শান্তিপূর্ণ জনপদ হিসেবে গড়ে তুলতে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে বক্তারা অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান। একই সঙ্গে নতুন দায়িত্ব পালনের মাধ্যমে দেশের শিক্ষা খাতের উন্নয়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
গণসংবর্ধনা অনুষ্ঠান শেষে সন্ধ্যার পর অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানে জনপ্রিয় সংগীতশিল্পী মনির খান সংগীত পরিবেশন করেন। তাঁর পরিবেশনায় উপস্থিত দর্শক-শ্রোতারা আনন্দে মেতে ওঠেন।