Logo
প্রকাশ: বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬  |  প্রিন্ট: বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

বাঙ্গরা বাজারে পুলিশের বিশেষ অভিযান: হত্যা মামলার আসামিসহ গ্রেফতার ৩

এটিএমটিভি ২৪

এটিএমটিভি ২৪

বাঙ্গরা বাজারে পুলিশের বিশেষ অভিযান: হত্যা মামলার আসামিসহ গ্রেফতার ৩

আলী আহাম্মেদ  বাঙ্গরা উপজেলা (কুমিল্লা)

কুমিল্লার বাঙ্গরা বাজার থানা পুলিশের পৃথক বিশেষ অভিযানে সন্ত্রাসবিরোধী আইন ও চাঞ্চল্যকর হত্যা মামলার এজাহারনামীয় আসামিসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারদের মধ্যে দুইজনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
কুমিল্লা জেলার পুলিশ সুপারের দিকনির্দেশনায় এবং বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিউল আলমের সার্বিক তত্ত্বাবধানে ‘টিম বাঙ্গরা বাজার’ এ বিশেষ অভিযান পরিচালনা করে।
সন্ত্রাসবিরোধী আইনে গ্রেফতার ২ পেশাদার অপরাধী
পুলিশ জানায়, বাঞ্ছারামপুর ও বাঙ্গরা বাজার এলাকার একাধিক মামলার আসামি দুইজনকে ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেফতার করা হয়েছে। মামলাটির নম্বর-০৭ এবং তারিখ ১৯ জুলাই ২০২৬।
গ্রেফতারকৃতরা হলেন—
জাহাঙ্গীর আলম ওরফে রিগ্যান ভূঁইয়া (৩৯)। তিনি আবুল কাশেমের ছেলে এবং রামচন্দ্রপুর ইউনিয়নের বি-চাপিতলা এলাকার বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে অস্ত্র, চুরি, ডাকাতির প্রস্তুতি ও মাদকসহ মোট ৯টি মামলা রয়েছে।
অপরজন মোঃ খবির উদ্দিন প্রকাশ খবির উল্যাহ (৪০)। তিনি মৃত মোখলেছুর রহমান ভূঁইয়ার ছেলে এবং একই এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে চুরি, ডাকাতির প্রস্তুতি, মাদক, বিশেষ ক্ষমতা আইন ও মারামারিসহ মোট ১৩টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
চাঞ্চল্যকর হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে খবির উদ্দিনকে
গ্রেফতারকৃত খবির উদ্দিনকে বাঙ্গরা বাজার থানার একটি চাঞ্চল্যকর হত্যা মামলাতেও গ্রেফতার দেখানো হয়েছে। মামলাটির নম্বর-২৪, তারিখ ১৪ এপ্রিল ২০২৬ এবং পেনাল কোডের ৩০২/৩৪ ধারায় মামলাটি দায়ের করা হয়।
মাদক সেবনের সময় হাতেনাতে গ্রেফতার আরও একজন
অন্যদিকে, বাঙ্গরা বাজার থানা পুলিশের পৃথক আরেকটি অভিযানে জাড্ডা (জারেরা) এলাকা থেকে মাদক সেবনরত অবস্থায় হাতেনাতে একজনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত রুবেল মিয়া (২২) মৃত হানিফ মিয়ার ছেলে। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার পায়রাকান্দি এলাকায়।
বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিউল আলম জানান, গ্রেফতারকৃত সকল আসামিকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
তিনি আরও জানান, এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধমুক্ত পরিবেশ নিশ্চিত করতে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

প্রকাশক : আলী আহাম্মেদ, সম্পাদক : মো: আসাদুজ্জামান

প্রিন্ট করুন