বিশ্বাসের মুখোশে সর্বনাশ! অনুষ্ঠানের কথা বলে স্বর্ণ-টাকা নিয়ে উধাও, শিউলির বিরুদ্ধে থানায় জিডি
আলী আহাম্মেদ
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
১৫ আগস্ট ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে প্রতিবেশীদের বিশ্বাসের সুযোগ নিয়ে নগদ টাকা, কিস্তির অর্থ ও স্বর্ণালংকার নিয়ে শিউলি আক্তার নামে এক নারী উধাও হয়েছেন—এমন অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে নবীনগর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, গত ৩০ জুলাই ২০২৬ তারিখে শিউলি আক্তার পরিবারের অগোচরে নগদ ৫ লাখ টাকা, কিস্তির জন্য গচ্ছিত অর্থ এবং প্রায় ৩ ভরি স্বর্ণালংকার নিয়ে চলে যান। এরপর থেকে তার ব্যবহৃত মোবাইল নম্বরগুলো বন্ধ পাওয়া যাচ্ছে এবং তিনি আত্মগোপনে রয়েছেন বলে অভিযোগ পরিবারের।
পরিবারের দাবি, সর্বশেষ তার অবস্থান যশোর জেলায় থাকার তথ্য পাওয়া গেছে। শিউলি আক্তারের স্থায়ী ঠিকানা ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নের জল্লী (মধ্যপাড়া) গ্রামে বলে জানা গেছে। তার দ্বিতীয় স্বামীর নাম জাকির, যিনি এলাকায় ‘জর্জ মিয়া’ নামে পরিচিত বলে পরিবারটি জানিয়েছে।
ঘটনার পর ভুক্তভোগী পরিবারটি আর্থিক ও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। পরিবারের পক্ষ থেকে অন্যদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলা হয়েছে, যাতে কেউ একইভাবে বিশ্বাসের সুযোগ নিয়ে ক্ষতিগ্রস্ত না হন।
অভিযুক্ত শিউলি আক্তার বা তার অবস্থান সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য থাকলে নিকটস্থ থানায় অথবা পরিবারের দেওয়া নম্বরে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে। তথ্যদাতাকে উপযুক্ত পুরস্কার দেওয়ার কথাও জানিয়েছে পরিবার।
যোগাযোগ: ০১৬২৩২৯১৯৬১, ০১৬১৩০০৪২৫০