দুবাচাইলে মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল: ট্রাইব্রেকারে ফরদাবাদকে হারিয়ে চ্যাম্পিয়ন শাহপুর
আলী আহাম্মেদ
নিজস্ব প্রতিবেদক | বাঞ্ছারামপুর
৫ আগষ্ট ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার দুবাচাইল বীরপাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত মিনিবার ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর জমকালো ফাইনাল ম্যাচ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
ফাইনালে বাঞ্ছারামপুর উপজেলার ফরদাবাদ ফুটবল একাদশ এবং নবীনগর উপজেলার শাহপুর ফুটবল একাদশ মুখোমুখি হয়। শুরু থেকেই উভয় দল আক্রমণাত্মক ফুটবল উপহার দেয়। নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে সমতায় শেষ হলে ম্যাচের ফল নির্ধারণে ট্রাইব্রেকারের আশ্রয় নেওয়া হয়। ট্রাইব্রেকারে ২-১ গোলের ব্যবধানে ফরদাবাদ ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে শাহপুর ফুটবল একাদশ।
ফাইনাল ম্যাচকে ঘিরে মাঠজুড়ে ছিল উৎসবের আমেজ। স্থানীয় ক্রীড়াপ্রেমী দর্শকদের ব্যাপক উপস্থিতিতে পুরো মাঠ প্রাণবন্ত হয়ে ওঠে। উভয় দলের খেলোয়াড়দের নৈপুণ্যে দর্শকরা উপভোগ করেন টানটান উত্তেজনাপূর্ণ একটি ফাইনাল।
টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দবির মেম্বার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবুল কালাম আজাদ। প্রধান মেহমান ছিলেন মুস্তাফিজুর রহমান শানু শাহ।
বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরদাবাদ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ও বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক রোমান আহমেদ। এছাড়াও উপস্থিত ছিলেন প্রবাসী জহির রায়হান।
ফরদাবাদ ফুটবল একাদশের টিম ম্যানেজারের দায়িত্ব পালন করেন মো. চঞ্চল, আবুল কালাম আজাদ পিন্টু এবং মো. হালিম।

খেলা শেষে বিজয়ী শাহপুর ফুটবল একাদশ ও রানার্সআপ ফরদাবাদ ফুটবল একাদশের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেওয়া হয়। আয়োজকরা জানান, যুবসমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করা, মাদক ও অপরাধ থেকে দূরে রাখা এবং পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধির লক্ষ্যেই এ ধরনের টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।