নাসিরনগরে মেঘনা নদী থেকে নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার
নাসিরনগরে মেঘনা নদী থেকে নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার
আলী আহাম্মেদ | নিজস্ব প্রতিবেদক
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মেঘনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার তিন দিন পর ফারিয়া (১১) নামে এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে উপজেলার ফেদিয়ারকান্দি গ্রামের কাছে মেঘনা নদী থেকে স্থানীয় বাসিন্দারা তার মরদেহ উদ্ধার করেন।
নিহত ফারিয়া নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়নের কাঁঠালকান্দি গ্রামের শাখায়াত হোসেনের মেয়ে। সে কাঁঠালকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী ছিল।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে বাড়ির পাশের মেঘনা নদীতে গোসল করতে নামে ফারিয়া। এ সময় নদীর তীব্র স্রোতে সে পানিতে ডুবে নিখোঁজ হয়। ঘটনার পর ফায়ার সার্ভিস, ডুবুরি দল ও স্থানীয় বাসিন্দারা নদীতে তল্লাশি চালান। টানা দুই দিন খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি।
বৃহস্পতিবার সকালে ফেদিয়ারকান্দি এলাকার কাছে নদীতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা তা উদ্ধার করেন। পরে মরদেহটি ফারিয়ার বলে শনাক্ত করা হয় এবং পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়।
মেয়েকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েন বাবা শাখায়াত হোসেন। তিনি বলেন, “বাড়ির পাশেই নদী। মঙ্গলবার দুপুরে গোসল করতে গিয়ে মেয়েটা আর ফিরে আসেনি। আমরাসহ ফায়ার সার্ভিসের লোকজন কত চেষ্টা করলাম, কিন্তু খুঁজে পেলাম না। অবশেষে বৃহস্পতিবার সকালে নদী থেকে ওর লাশ ভেসে উঠল।
স্থানীয় প্রশাসন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানায়, স্বজনদের আবেদনের পর আইনি প্রক্রিয়া শেষে ফারিয়ার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

এটিএমটিভি ২৪ 






আপনার মতামত লিখুন