বাঞ্ছারামপুরে বালিয়াদহ-গলাচিপা বিল দখলমুক্তের দাবিতে কৃষক-জেলেদের বিক্ষোভ
বাঞ্ছারামপুরে বালিয়াদহ-গলাচিপা বিল দখলমুক্তের দাবিতে কৃষক-জেলেদের বিক্ষোভ
বাঞ্ছারামপুরে বালিয়াদহ-গলাচিপা বিল দখলমুক্তের দাবিতে কৃষক-জেলেদের বিক্ষোভ
আলী আহাম্মেদ
বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার রূপসদীতে বালিয়াদহ বিল ও গলাচিপা বিল দখলমুক্ত করে সবার জন্য উন্মুক্ত করার দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে রূপসদী জামাই বাজার থেকে দক্ষিণ বাজার পর্যন্ত এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলে এলাকার কৃষক, জেলে ও স্থানীয় বাসিন্দারা অংশ নেন। এ সময় তাদের হাতে বিভিন্ন স্লোগানসংবলিত ব্যানার ও প্ল্যাকার্ড দেখা যায়।
বিক্ষোভকারীদের ব্যানারে লেখা ছিল— ‘স্বার্থান্বেষী রাজনৈতিক নেতাদের প্রশ্রয়ে তথাকথিত মৎস্য প্রজেক্টের নামে আবাদি কৃষিজমি ও জলাশয় ধ্বংসের প্রতিবাদে বিক্ষোভ মিছিল।’
মিছিলে অংশ নেওয়া জেলেরা অভিযোগ করেন, বালিয়াদহ ও গলাচিপা বিলকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী মহলের সঙ্গে স্থানীয়দের বিরোধ চলে আসছে। তাদের দাবি, বিল ইজারা বা মৎস্য প্রকল্পের নামে সাধারণ জেলে ও কৃষকদের মাছ ধরা এবং জলাশয় ব্যবহারে বাধা দেওয়া হচ্ছে।
জেলে আবু খায়ের বলেন, “বালিয়াদহ বিলে আমরা প্রায় ২০ হাজার মানুষ মাছ ধরে জীবিকা নির্বাহ করি। কিন্তু একটি প্রভাবশালী মহল ইজারার নামে বিল নিয়ন্ত্রণ করে আমাদের সেখানে নামতে দেয় না। আমরা গরিব মানুষ, এতে আমাদের জীবিকায় আঘাত আসছে।”
জেলে শাহ আলম অভিযোগ করেন, “গলাচিপা বিলে আমাদের আবাদি জমি ছিল। মৎস্য প্রকল্পের নামে আমাদের জমি দখল করে মাছ চাষ করা হচ্ছে। আমরা এর প্রতিবাদ জানাই।
আরেক বিক্ষোভকারী আপেল চাঁদ বলেন, আমরা কোনো ইজারা মানি না। বিল সরকারি সম্পদ ও জনগণের সম্পদ। আমরা চাই বালিয়াদহ ও গলাচিপা বিল সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হোক। অন্যথায় আমরা আরও কর্মসূচি দেব।
এলাকাবাসীর অভিযোগ, একটি রাজনৈতিক ও স্বার্থান্বেষী চক্র দীর্ঘদিন ধরে বিল দুটি নিয়ন্ত্রণ করে আসছে। তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
বিক্ষোভকারীদের দাবি, প্রশাসনের হস্তক্ষেপে বালিয়াদহ ও গলাচিপা বিলের প্রকৃত অবস্থা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া এবং স্থানীয় কৃষক ও জেলেদের জীবিকা নিশ্চিত করা হোক।
বিক্ষোভে অংশ নেওয়া মানুষের দাবি, বিল দুটি দখলমুক্ত ও উন্মুক্ত করা হলে এলাকার বিপুলসংখ্যক জেলে পরিবারের জীবিকা রক্ষা পাবে।

এটিএমটিভি ২৪ 




আপনার মতামত লিখুন