নবীনগরে ছোট ভাইয়ের স্ত্রীর লাথিতে পল্লি চিকিৎসক মামুনের মৃত্যু
নবীনগরে ছোট ভাইয়ের স্ত্রীর লাথিতে পল্লি চিকিৎসক মামুনের মৃত্যু
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রতনপুর ইউনিয়নের মাঝিয়ারা গ্রামে পারিবারিক কলহের জেরে মারামারিতে মামুন মিয়া (৪৫) নামে এক পল্লি চিকিৎসকের মৃত্যু হয়েছে। নিহতের স্বজন ও স্থানীয়দের অভিযোগ, ছোট ভাইয়ের স্ত্রী হালিমা আক্তারের লাথির আঘাতে মামুন মিয়া গুরুতর আহত হয়ে মারা যান। তবে মৃত্যুর প্রকৃত কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।
বুধবার (১২ আগস্ট) রাতে উপজেলার রতনপুর ইউনিয়নের মাঝিয়ারা গ্রামের মৃধাবাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত মামুন মিয়া ওই গ্রামের ২ নম্বর ওয়ার্ডের মৃত বাবুল মিয়ার ছেলে। তিনি পেশায় পল্লি চিকিৎসক ছিলেন। মাঝিয়ারা বাজারে তার একটি হোমিওপ্যাথিক ওষুধের দোকান রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে দুই পক্ষের মধ্যে বেশ কিছুদিন ধরে বিরোধ চলছিল। এরই জেরে বুধবার রাতে মৃধাবাড়িতে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা মারামারিতে রূপ নেয়। এ সময় মামুন মিয়া গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে তার মৃত্যু হয়।
নিহতের স্বজন ও স্থানীয়দের দাবি, মারামারির একপর্যায়ে ছোট ভাইয়ের স্ত্রী হালিমা আক্তার মামুন মিয়াকে লাথি মারেন। ওই আঘাতের পর তিনি গুরুতর অসুস্থ হয়ে মারা যান বলে অভিযোগ তাদের।
ঘটনার খবর পেয়ে নবীনগর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মামুন মিয়ার মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য হালিমা আক্তারকে আটক করা হয়েছে।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের স্ত্রী নয়নতারা বেগম বাদী হয়ে থানায় মামলা করেছেন। ঘটনার তদন্ত চলছে। তদন্তে জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ এবং মামুন মিয়ার মৃত্যুর সঙ্গে কারও দায় রয়েছে কি না, তা তদন্ত ও প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়ার মাধ্যমে নিশ্চিত করা হবে।

এটিএমটিভি ২৪ 




আপনার মতামত লিখুন